ভারতে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’-এর প্রদর্শনী বন্ধ এবং সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ছবিতে হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণের কাহিনি পরিবর্তন, রাবণ চরিত্রের উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনাগুলো বাদ দেওয়ার অভিযোগ তুলেছে সংগঠনটি। ভিএইচপির নেতাদের দাবি, সিনেমাটিতে রামায়ণের মূল বার্তা ও ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া বক্তব্যে ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানান। তাদের অভিযোগ, ছবিতে রাবণকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির দূত হিসেবে কাজ করেছেন। সংগঠনটির মতে, এই ধরনের চরিত্রায়ন রামায়ণের প্রচলিত বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বজরং লাল বাগরা বলেন, রাবণ অত্যন্ত বিদ্বান, শক্তিশালী এবং ভগবানের ভক্ত ছিলেন। তবে তার অত্যাচারী কর্মকাণ্ডের কারণে তিনি একজন অনৈতিক শাসক হিসেবে পরিচিত। রামায়ণের প্রতিটি সংস্করণেই রাবণের এই পরিচয় স্পষ্টভাবে উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

ভিএইচপির এই নেতার দাবি, সিনেমায় রাবণকে মহিমান্বিত করার মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এর ফলে হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে মনে করছে সংগঠনটি। আন্তর্জাতিক সভাপতি অলোক কুমারও রাবণের এমন উপস্থাপনাকে আপত্তিকর বলে উল্লেখ করেছেন।

সিনেমাটির গল্পে রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দেওয়ার অভিযোগও তুলেছে ভিএইচপি। সংগঠনটির নেতাদের মতে, মাতা অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে ভগবান রামের বন্ধুত্ব এবং কেবতের প্রতি রামের আচরণের মতো তাৎপর্যপূর্ণ বিষয়গুলো ছবিতে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

অলোক কুমারের মতে, এসব ঘটনা রামায়ণের সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। বিশেষ করে জাতপাত এবং স্পর্শ-অস্পর্শের বিভাজনের ঊর্ধ্বে মানুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠার বার্তা দেয় এসব ঘটনা। তাই গল্প থেকে এই অংশগুলো বাদ দেওয়াকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে ভিএইচপি।

এ ছাড়া ভগবান রামের অভিযানকে সিনেমায় যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। বজরং লাল বাগরার অভিযোগ, ঋষি-সাধুদের যজ্ঞ এবং গুরুকুল রক্ষা করে সমাজের শত্রুদের বিনাশ করা ছিল রামের অন্যতম মহান লক্ষ্য। কিন্তু সিনেমায় সেই বৃহত্তর উদ্দেশ্যকে শুধু স্ত্রী সীতার অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত লড়াই হিসেবে দেখানো হয়েছে।

এর আগে সিনেমাটির চরিত্রায়ন নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ। বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ কৃষ্ণের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রামের উপস্থাপন নিয়ে আপত্তি জানান।

নীতীশ ভরদ্বাজের মতে, সিনেমায় ভগবান রামকে একজন সাধারণ ও ভাবলেশহীন মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। তার এই উপস্থাপন রামের ‘মর্যাদা’ ও প্রচলিত ধর্মীয় ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

দুই পর্বে নির্মিত এই মহাকাব্যিক সিনেমার প্রথম কিস্তি গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন রবি দুবে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।