নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় জুহি চাওলার নাম ছিল প্রথম সারিতে। একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। আমির খানের বিপরীতে ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডার’ ও ‘ইয়েস বস’, কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’সহ বহু সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।

সময় বদলেছে, কমেছে অভিনয়ের ব্যস্ততা। এখন আর নিয়মিত বড় পর্দায় দেখা যায় না তাকে। তবে সিনেমার বাইরে ব্যবসা ও বিনিয়োগের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন জুহি। সম্পদের হিসাবেও বলিউডের অনেক তারকাকে ছাড়িয়ে গেছেন তিনি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এর হিসাব অনুযায়ী, জুহি চাওলা ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি। ভারতের ধনী অভিনেত্রীদের মধ্যে তার অবস্থান শীর্ষে। তালিকায় তার ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।

গত ১৩ নভেম্বর ছিল জুহি চাওলার ৫৯তম জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার দীর্ঘ অভিনয়জীবন, পারিবারিক ব্যবসা এবং ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের গল্প।

ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে সংসার

জুহি চাওলার সম্পদের হিসাব বুঝতে হলে তার স্বামী ব্যবসায়ী জয় মেহতার প্রসঙ্গও সামনে আসে। ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন জয়। তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেহতা গ্রুপের কার্যক্রম চারটি মহাদেশে বিস্তৃত।

সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা। জয় মেহতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করেছেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।

জুহি ও জয়ের পরিচয় হয়েছিল অভিনেত্রীর সিনেমায় অভিষেকের আগেই। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় তাদের। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, জয় প্রতিদিন তাকে চিঠি, ফুল ও উপহার পাঠাতেন। এক জন্মদিনে এক ট্রাক লাল গোলাপও পাঠিয়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী। ১৯৯৫ সালে বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন জুহি। তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা ছিল তার। পরে ২০০১ সালে প্রথম সন্তানের জন্মের সময় তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান জাহ্নবী ও অর্জুন।

শাহরুখের সঙ্গে ক্রিকেটের ব্যবসা

জুহি ও তার পরিবারের সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের আগে দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাদের সঙ্গে ছিলেন জয় মেহতাও।

শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক অংশীদারত্বে কেনা হয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের প্রথম নিলামে প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করে দলটি কেনেন তারা।

শুরুতে নতুন এই ক্রিকেট লিগের ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই অনিশ্চয়তা ছিল। এত বড় অঙ্কের বিনিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সময়ের সঙ্গে কেকেআর পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত একটি ব্র্যান্ডে।

আইপিএলে এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ ২০২৪ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় দলটি। শুধু আইপিএলেই নয়, নাইট রাইডার্স গ্রুপের অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজিও রয়েছে।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ বেড়েছে প্রায় ৬৯ শতাংশ। ২০২৪ সালে তাদের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এই সম্পদ বৃদ্ধিতে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেকেআরের শুরুর সময় অবশ্য খুব একটা সহজ ছিল না। আইপিএলের প্রথম দিকের আসরগুলোয় দলটি নিয়মিত হারত। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো জুহির সন্তানদেরও। তারা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন। স্কুলে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের অনেকে কেকেআরের পরাজয় নিয়ে তাদের সঙ্গে হাসাহাসি করত।

‘দ্য কাপিল শর্মা শো’তে জুহি জানিয়েছিলেন, কেকেআর হারতে বসলে তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। একের পর এক ব্যর্থতার পরও দলটির পাশে ছিলেন তারা। পরবর্তী সময়ে সেই দলই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

বিনোদন ব্যবসাতেও অংশীদারি

শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের প্রতিষ্ঠিত এই সংস্থা সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও কাজ করছে।

জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু সিনেমার সেটে। ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘ডার’, ‘ইয়েস বস’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার সেই সম্পর্ক পরবর্তী সময়ে ব্যবসায়িক অংশীদারত্বেও রূপ নেয়।

যেভাবে শুরু অভিনয়জীবন

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান জুহি। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও অর্জন করেন তিনি।

১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তবে প্রকৃত পরিচিতি আসে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কেয়ামাত সে কেয়ামাত তাক’ সিনেমায় অভিনয়ের পর।

এরপর নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন জুহি। ‘লুটেরে’, ‘ডার’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’ তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য সিনেমা। বিশেষ করে কমেডি চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় তাকে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন জুহি। বিয়ের পরও অভিনয় চালিয়ে গেছেন। তবে ধীরে ধীরে কাজের সংখ্যা কমিয়ে বেছে বেছে সিনেমায় অভিনয় করতে শুরু করেন।

পরিবেশ সংরক্ষণেও সক্রিয়

অভিনয় ও ব্যবসার বাইরে পরিবেশ সংরক্ষণ নিয়েও কাজ করছেন জুহি। বিশেষ করে শব্দদূষণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি। মুম্বাইয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচার চালানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের পক্ষেও কথা বলেছেন। শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তার আগ্রহ রয়েছে।

ওটিটিতেও অভিনয় করছেন

অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’-এ অভিনয় করেন। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে তার সঙ্গে ছিলেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।

একই বছর মুক্তি পায় ‘শার্মাজি নামকিন’। হিতেশ ভাটিয়া পরিচালিত এই ছবিতে মিসেস মানচান্দার চরিত্রে অভিনয় করেন জুহি। ছবিটিতে ঋষি কাপুরের মৃত্যুর পর তার চরিত্রের বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল।

২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পাওয়া ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ কমেডি-ড্রামায় দুই কিশোরের মায়ের চরিত্রে দেখা যায় জুহিকে। তার দুই ছেলের ভূমিকায় ছিলেন বাবিল খান ও অমৃত জয়ন।

নিয়মিত অভিনয়ে না থাকলেও সিনেমার বাইরে নিজের অবস্থান ধরে রেখেছেন জুহি চাওলা। ব্যবসা, বিশেষ করে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ ও অংশীদারত্ব তার পরিবারের সম্পদের অন্যতম বড় ভিত্তি হয়ে উঠেছে। অভিনয়জীবনের পরিচিতিকে কাজে লাগিয়ে বিনোদন ও ব্যবসা, দুই ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এই অভিনেত্রী।