ব্যাংকের চেক, জমির দলিল, চুক্তিপত্র কিংবা গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটতে পারে। অনেক সময় আসল স্বাক্ষরের মতো দেখতে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হয়। তবে স্বাক্ষরের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করলে প্রাথমিকভাবে জালিয়াতির সন্দেহ করা সম্ভব। অক্ষরের গঠন, লেখার গতি, কলমের চাপ, অক্ষরের দূরত্ব এবং স্বাক্ষরের শুরু ও শেষের রেখা বিশ্লেষণ করে জাল স্বাক্ষর শনাক্তের পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় জানা যেতে পারে।
১. অক্ষরের গঠনে পার্থক্য
একই ব্যক্তি সাধারণত স্বাক্ষর করার সময় অক্ষরের একটি পরিচিত ধরন অনুসরণ করেন। স্বাক্ষরের অক্ষরগুলো কীভাবে লেখা হচ্ছে, কোথায় বাঁক তৈরি হচ্ছে এবং এক অক্ষরের সঙ্গে অন্যটির সংযোগ কেমন, সেসব বিষয়ে একটি ধারাবাহিকতা থাকে।
কোনো স্বাক্ষর সন্দেহজনক মনে হলে আগের স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা যেতে পারে। বিশেষ করে অক্ষরের আকৃতি, বাঁক কিংবা লেখার ধরনে অস্বাভাবিক পরিবর্তন থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। তবে ব্যক্তির শারীরিক অবস্থা বা বয়সের কারণেও স্বাক্ষরে পরিবর্তন আসতে পারে।
২. লেখার গতিতে অস্বাভাবিকতা
প্রকৃত স্বাক্ষর সাধারণত স্বাভাবিক ও সাবলীল গতিতে সম্পন্ন হয়। একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে একই স্বাক্ষর করতে করতে একটি নির্দিষ্ট লেখার অভ্যাস তৈরি করেন। ফলে স্বাক্ষরের রেখায় স্বাভাবিক প্রবাহ ও গতির ছাপ থাকে।
অন্যদিকে, নকল স্বাক্ষর তৈরির সময় অনেকেই মূল স্বাক্ষরটি দেখে ধীরে ধীরে অনুকরণ করার চেষ্টা করেন। এতে অক্ষরের রেখায় কাঁপুনি, অস্বাভাবিক বিরতি কিংবা কলমের গতিতে অসংগতি দেখা যেতে পারে। এসব লক্ষণ স্বাক্ষরটি আরও ভালোভাবে পরীক্ষা করার প্রয়োজনীয়তা তৈরি করে।
৩. কলমের চাপে অসংগতি
স্বাক্ষর করার সময় কলমের চাপও গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই ব্যক্তির স্বাক্ষরে কলমের চাপের একটি স্বাভাবিক ধরন দেখা যায়। স্বাক্ষরের বিভিন্ন অংশে কোথায় বেশি চাপ পড়ছে এবং কোথায় তুলনামূলক হালকা চাপ প্রয়োগ হচ্ছে, তা পর্যবেক্ষণ করা যেতে পারে।
নকল স্বাক্ষরের ক্ষেত্রে কোথাও অতিরিক্ত গাঢ় দাগ, কোথাও হালকা রেখা কিংবা অস্বাভাবিক চাপের চিহ্ন দেখা যেতে পারে। বিশেষ করে একই স্বাক্ষরের বিভিন্ন অংশে চাপের অস্বাভাবিক পরিবর্তন থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা করা প্রয়োজন।
৪. অক্ষরের দূরত্ব ও অনুপাতে পরিবর্তন
একজন ব্যক্তির স্বাক্ষরে অক্ষরের উচ্চতা, আকার, দূরত্ব এবং অবস্থানের একটি পরিচিত বিন্যাস থাকে। স্বাক্ষরের শুরু থেকে শেষ পর্যন্ত অক্ষরগুলোর মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত বজায় থাকতে দেখা যায়।
কেউ অন্যের স্বাক্ষর নকল করতে গেলে অনেক সময় এই অনুপাত ঠিক রাখতে পারেন না। ফলে অক্ষরগুলো অতিরিক্ত বড় বা ছোট হয়ে যেতে পারে। আবার কোনো অংশে অক্ষরের মধ্যে বেশি দূরত্ব কিংবা কোথাও অস্বাভাবিক ঘনত্ব তৈরি হতে পারে। এসব পার্থক্য সন্দেহজনক স্বাক্ষর শনাক্তের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
৫. শুরু ও শেষের রেখায় অমিল
স্বাক্ষরের প্রথম ও শেষ অংশেও ব্যক্তির লেখার অভ্যাসের পরিচয় পাওয়া যায়। কেউ স্বাক্ষর শুরু করেন নির্দিষ্ট ধরনের বাঁক দিয়ে, আবার শেষ করেন বিশেষ কোনো রেখা বা কলমের টানে। এই বৈশিষ্ট্যগুলো স্বাক্ষরের পরিচিত ধরন হিসেবে বিবেচিত হয়।
নকল করার সময় স্বাক্ষরের শুরু ও শেষের অংশে স্বাভাবিকতার অভাব দেখা যেতে পারে। কোথাও রেখা অস্বাভাবিকভাবে থেমে যাওয়া, অতিরিক্ত টান কিংবা বাঁকের পরিবর্তন থাকতে পারে। তাই আগের স্বাক্ষরের সঙ্গে এই অংশগুলো তুলনা করাও গুরুত্বপূর্ণ।
তবে শুধু এসব লক্ষণ দেখেই কোনো স্বাক্ষরকে নিশ্চিতভাবে জাল বলা যায় না। বয়স, অসুস্থতা, শারীরিক অবস্থা, মানসিক চাপ কিংবা ব্যবহৃত কলম ও কাগজের পার্থক্যের কারণে প্রকৃত স্বাক্ষরেও পরিবর্তন আসতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো নথিতে স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হলে বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করানো উচিত।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের অধীনে হ্যান্ডরাইটিং শাখা রয়েছে। এ শাখায় স্বাক্ষর ও হাতের লেখার নমুনা বিশ্লেষণ করে জালিয়াতি শনাক্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন নথিতে প্রতারণামূলক পরিবর্তন করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
আইন অনুযায়ী, স্বাক্ষর জালিয়াতির জন্য শাস্তির বিধান রয়েছে। সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৪৫ ধারায় হাতের লেখা ও স্বাক্ষরের পরিচয় নির্ধারণে বিশেষজ্ঞের মতামতকে প্রাসঙ্গিক বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ধারায় জালিয়াতির অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করলে দণ্ডবিধির ৪৬৮ ধারায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। একইভাবে জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করলে ৪৭১ ধারায় জাল দলিল তৈরির অপরাধের মতোই শাস্তির বিধান রয়েছে। তাই ব্যক্তিগত ও আর্থিক লেনদেনসহ গুরুত্বপূর্ণ কাজে স্বাক্ষর করার ক্ষেত্রে সতর্ক থাকা এবং সন্দেহজনক নথি যথাযথভাবে যাচাই করা জরুরি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন