ফল ও সবজি খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু পুষ্টিবিদদের মতে, কিছু ফল ও সবজির খোসায় এমন অনেক পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী। আপেল, নাশপাতি, পেয়ারা, গাজরসহ কয়েকটি ফল ও সবজির খোসায় রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই অযথা খোসা ফেলে না দিয়ে ভালোভাবে পরিষ্কার করে খোসাসহ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কেনটাকির খাদ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞদের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, অনেক ফল ও সবজির খোসায় ভেতরের অংশের তুলনায় বেশি পরিমাণে খাদ্যআঁশ, ভিটামিন ও খনিজ উপাদান থাকতে পারে। অন্যদিকে হংকংয়ের Centre for Food Safety-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ফলের খোসা ছাড়ালে মোট খাদ্যআঁশের উল্লেখযোগ্য অংশ কমে যেতে পারে।
১. আপেল
আপেলের খোসায় রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন ও পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে খোসায় থাকা কোয়ারসেটিন নামের উদ্ভিজ্জ উপাদান নিয়ে বিভিন্ন গবেষণায় আলোচনা করা হয়েছে। ইউনিভার্সিটি অব কেনটাকির তথ্য অনুযায়ী, খোসাসহ আপেল খেলে খোসা ছাড়ানো আপেলের তুলনায় বেশি ভিটামিন ও খনিজ পাওয়া যেতে পারে। তাই ভালোভাবে ধুয়ে আপেল খোসাসহ খাওয়া ভালো।
২. নাশপাতি
নাশপাতির খোসা খাদ্যআঁশের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে ভূমিকা রাখে। খোসায় থাকা বিভিন্ন উদ্ভিজ্জ উপাদানও পুষ্টির জোগান দেয়। তাই নাশপাতি খাওয়ার সময় খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, যদি ফলটি পরিষ্কার ও খাওয়ার উপযোগী থাকে।
৩. পেয়ারা
পেয়ারা ভিটামিন সি ও খাদ্যআঁশসমৃদ্ধ একটি ফল। এর খোসাসহ পুরো ফল খেলে খাদ্যআঁশ গ্রহণের পরিমাণ বাড়ে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন মেডিসিনের খাদ্যআঁশবিষয়ক তালিকায় পেয়ারা ও খোসাসহ আপেলকে খাদ্যআঁশসমৃদ্ধ ফলের মধ্যে রাখা হয়েছে। তাই ভালোভাবে পরিষ্কার করে পেয়ারা খোসাসহ খেতে পারেন।
৪. গাজর
গাজরের কমলা রঙের ভেতরের অংশের পাশাপাশি বাইরের খোসাতেও রয়েছে বিভিন্ন উদ্ভিজ্জ পুষ্টি উপাদান। গাজরের খোসায় ফেনলিক অ্যাসিড ও ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায়। তাই গাজরের খোসা ছাড়ানোর পরিবর্তে পরিষ্কার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে রান্না বা সালাদে ব্যবহার করতে পারেন।
৫. শসা
শসার সবুজ খোসায় রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন কে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। খোসা ছাড়িয়ে ফেললে এসব উপাদানের কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। তাই সালাদ বা দৈনন্দিন খাবারে শসা খোসাসহ রাখার চেষ্টা করুন। তবে খাওয়ার আগে প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।
৬. মিষ্টি আলু
মিষ্টি আলুতে রয়েছে বিটা-ক্যারোটিন, খাদ্যআঁশ ও বিভিন্ন ভিটামিন। এর খোসাতেও বাড়তি খাদ্যআঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায়। খোসাসহ মিষ্টি আলু সেদ্ধ, বেক বা ভাপে রান্না করে খাওয়া যেতে পারে। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুটিই বজায় রাখতে সহায়তা করে।
৭. আলু
আলুর খোসায় রয়েছে খাদ্যআঁশ, পটাশিয়াম ও বিভিন্ন খনিজ উপাদান। খোসাসহ আলু রান্না করলে এসব পুষ্টি উপাদানের কিছু অংশ বেশি পাওয়া যেতে পারে। তবে আলু সবুজ হয়ে গেলে, তিতা স্বাদ হলে কিংবা অতিরিক্ত অঙ্কুর গজালে সতর্ক থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আলুর সবুজ অংশ ও অঙ্কুরে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা বেশি থাকতে পারে।
খোসাসহ খাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
ফল ও সবজির খোসায় পুষ্টি থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকা জরুরি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) সব ধরনের ফল ও সবজি খাওয়ার আগে প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। শসা, গাজর ও আলুর মতো শক্ত খোসার সবজি পরিষ্কারে পরিষ্কার ব্রাশ ব্যবহার করা যেতে পারে।
ফল ও সবজি পরিষ্কারের জন্য সাবান, ডিটারজেন্ট বা রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। পচা, ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক গন্ধযুক্ত ফল ও সবজি খাওয়া থেকেও বিরত থাকতে হবে। মনে রাখতে হবে, সব ফল ও সবজির খোসা খাওয়ার উপযোগী নয়। তাই কোনটির খোসা খাওয়া নিরাপদ, তা জেনে এবং পরিষ্কার করে খাওয়াই সবচেয়ে ভালো।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন