বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। এমন আনন্দের আয়োজনেও অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় খরচের চিন্তা। বন্ধুরা দামি জায়গায় যেতে চাইলে নিজের বাজেট কম বলে জানাতে সংকোচ করেন অনেকে। আবার প্রেমের সম্পর্কে উপহার কিংবা ঘোরাঘুরির খরচ নিয়েও তৈরি হয় নানা প্রত্যাশা।
তবে এই প্রচলিত ধারণায় পরিবর্তন আনছে জেনারেশন জেড বা জেন-জি। এখন অনেক তরুণ-তরুণী নিজের আর্থিক সামর্থ্য নিয়ে লুকোচুরি না করে বরং খোলাখুলি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। কোন আয়োজনে কত টাকা খরচ করতে পারবেন, কোথায় খরচ কমাতে চান, এমনকি কোন পরিকল্পনা তাঁদের বাজেটের বাইরে, সেটিও স্পষ্টভাবে জানাচ্ছেন। এই প্রবণতার নাম ‘লাউড বাজেটিং’।
কী এই লাউড বাজেটিং?
লাউড বাজেটিং হলো নিজের আর্থিক সামর্থ্য, খরচের সীমা ও বাজেট পরিকল্পনা অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরার অভ্যাস। অর্থাৎ অন্যদের মন রাখতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে খরচ না করে শুরুতেই নিজের অবস্থান জানিয়ে দেওয়া।
যেমন, বন্ধুরা দামি রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনা করলে আপনি বলতে পারেন, ‘এই মাসে আমার বাজেট একটু কম। তাই কম খরচে কোথাও গেলে ভালো হয়।’
আবার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেই জানিয়ে দিতে পারেন, নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করা আপনার পক্ষে সম্ভব নয়।
এখানে মূল উদ্দেশ্য শুধু টাকা বাঁচানো নয়, বরং নিজের আর্থিক স্বস্তি বজায় রেখে আনন্দ ও সম্পর্ক উপভোগ করা।
বন্ধুদের সঙ্গে খরচের কথা বলতে আর সংকোচ নয়
বন্ধুত্বে অনেক সময় কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে সরাসরি আলোচনা হয় না। সবাই ধরে নেন, প্রত্যেকে সমানভাবে বিল দিতে পারবেন। কিন্তু বাস্তবে সবার আর্থিক অবস্থা এক রকম নয়।
কেউ হয়তো নিয়মিত দামি রেস্টুরেন্টে যেতে পারেন, আবার কারও কাছে মাসের শেষ দিকে বাড়তি খরচ করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় নিজের বাজেটের কথা বলতে না পারলে অপ্রয়োজনীয় আর্থিক চাপ তৈরি হতে পারে।
লাউড বাজেটিং এই অস্বস্তি কমাতে সাহায্য করে। আগে থেকেই খরচের সীমা জানিয়ে দিলে বন্ধুরা সবার সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করতে পারেন। দামি রেস্টুরেন্টের পরিবর্তে কম খরচের ক্যাফে, বাসায় একসঙ্গে রান্না কিংবা পার্কে আড্ডার মতো বিকল্প বেছে নেওয়া যায়।
ব্যাংক অব আমেরিকার ২০২৬ সালের ‘বেটার মানি হ্যাবিটস’ সমীক্ষায় যুক্তরাষ্ট্রের ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে অর্থ নিয়ে খোলামেলা আলোচনার প্রবণতা উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, জেন-জির ৪২ শতাংশ সামাজিক আয়োজনে কোন খরচ বহন করতে পারবেন আর কোনটি পারবেন না, তা বন্ধুদের জানান। ৬০ শতাংশ বন্ধুদের সঙ্গে অর্থ নিয়ে আলোচনা করেন এবং ৭৫ শতাংশ সামাজিক আয়োজনে খরচ কমানোর উপায় খোঁজেন।

প্রেমের সম্পর্কেও বাড়ছে আর্থিক স্বচ্ছতা
প্রেমের সম্পর্কে উপহার দেওয়া, বাইরে খেতে যাওয়া কিংবা একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো বিষয়গুলোতে অর্থের প্রয়োজন হয়। অনেক সময় সঙ্গীকে খুশি করতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে খরচ করেন কেউ কেউ। আবার কে কত টাকা খরচ করবেন, তা নিয়ে স্পষ্ট আলোচনা না থাকলে ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে।
লাউড বাজেটিংয়ের চর্চা প্রেমের সম্পর্কেও আর্থিক স্বচ্ছতাকে গুরুত্ব দেয়। সঙ্গীর কাছে নিজের আর্থিক অবস্থার কথা জানানো, খরচ ভাগাভাগি করা কিংবা কম খরচে সময় কাটানোর পরিকল্পনা করা এই অভ্যাসের অংশ।
ব্যাংক অব আমেরিকার একই সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জির ৫১ শতাংশ মাসে প্রেমের ডেটে কোনো অর্থ খরচ করেন না। আর ২৪ শতাংশ জানিয়েছেন, আর্থিক পরিস্থিতির কারণে তাঁরা সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। সমীক্ষায় আরও ৭৪ শতাংশ তরুণ সঙ্গীর মধ্যে আর্থিক দায়িত্বশীলতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।
লোকদেখানো খরচের পরিবর্তে নিজের সামর্থ্যকে গুরুত্ব
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের দামি রেস্টুরেন্টে খাওয়া, বিদেশ ভ্রমণ কিংবা কেনাকাটার ছবি দেখে অনেকের মধ্যেই একই ধরনের জীবনযাপনের আকাঙ্ক্ষা তৈরি হয়। কখনো সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আয় ও প্রয়োজনের বাইরে খরচ করে ফেলেন অনেকে।
লাউড বাজেটিং এমন তুলনা থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে। অন্যের জীবনযাপন দেখে নিজের খরচের সিদ্ধান্ত না নিয়ে বরং আয়, প্রয়োজন ও সঞ্চয়ের বিষয়টি বিবেচনা করে পরিকল্পনা করাই এর মূল বার্তা।
তবে নিজের বাজেট নিয়ে খোলামেলা হওয়া মানে ব্যক্তিগত আর্থিক তথ্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া নয়। কে কত আয় করেন, কত টাকা সঞ্চয় করেন কিংবা কোথায় টাকা খরচ করেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। প্রয়োজন অনুযায়ী নিজের খরচের সীমা জানানোই যথেষ্ট।
কীভাবে চর্চা করবেন লাউড বাজেটিং?
লাউড বাজেটিংয়ের অভ্যাস গড়ে তুলতে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। কয়েকটি সহজ বিষয় অনুসরণ করতে পারেন।
১. আগে থেকেই বাজেট জানান: বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হলে নিজের খরচের সীমা আগেই জানিয়ে দিন।
২. বিকল্প প্রস্তাব দিন: কোনো আয়োজন বেশি ব্যয়বহুল হলে কম খরচের জায়গা বা অন্য কোনো পরিকল্পনার কথা বলুন।
৩. খরচ ভাগাভাগি নিয়ে কথা বলুন: কে কত টাকা দেবেন, তা আগে ঠিক করে নিলে পরে অস্বস্তি কম হয়।
৪. সামর্থ্যের বাইরে খরচ করবেন না: অন্যকে খুশি করতে গিয়ে ঋণ করা কিংবা প্রয়োজনীয় খরচের টাকা ব্যয় করা থেকে বিরত থাকুন।
৫. অন্যের বাজেটকেও সম্মান করুন: আপনার মতো অন্যদেরও নিজস্ব আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে। তাই কাউকে বেশি খরচ করতে চাপ দেবেন না।
বন্ধুত্ব কিংবা প্রেমের সম্পর্কের গভীরতা দামি উপহার, রেস্টুরেন্টে খাওয়া বা ঘোরাঘুরির খরচ দিয়ে নির্ধারিত হয় না। বরং পারস্পরিক বোঝাপড়া, আন্তরিকতা ও সম্মানই সম্পর্ককে সুন্দর করে তোলে।
লাউড বাজেটিংয়ের মূল বার্তাও সেটিই। নিজের সামর্থ্য সম্পর্কে স্পষ্ট থাকা কোনো লজ্জার বিষয় নয়। বরং অপ্রয়োজনীয় খরচের চাপ এড়িয়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করার একটি ইতিবাচক অভ্যাস। তাই লোকদেখানো খরচ নয়, নিজের সামর্থ্য ও মানসিক স্বস্তিকে গুরুত্ব দিয়েই হোক বন্ধুত্ব ও প্রেমের প্রতিটি আয়োজন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন