মানুষ সাধারণত দুঃখ, কষ্ট কিংবা আবেগের কারণে কাঁদে। তবে কোনো ধরনের মানসিক কষ্ট বা আবেগ ছাড়াই যদি খাবার খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করার সুযোগ নেই। চিকিৎসাবিজ্ঞানে এমন একটি সমস্যার নাম ‘ক্রোকোডাইল টিয়ার’ বা কুম্ভীরাশ্রু। এই বিরল সমস্যায় আক্রান্ত ব্যক্তির খাবার চিবানোর সময় কিংবা খাবারের গন্ধ পেলেই চোখ দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঝরতে পারে।
বাংলায় কুম্ভীরাশ্রু শব্দটি সাধারণত লোক দেখানো কান্না বা মিথ্যা আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে ক্রোকোডাইল টিয়ার বলতে সম্পূর্ণ ভিন্ন একটি শারীরিক সমস্যাকে বোঝানো হয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছা করে কাঁদেন না, বরং শরীরের স্নায়ুর অস্বাভাবিক কার্যক্রমের কারণে খাবার খাওয়ার সঙ্গে চোখ দিয়ে পানি পড়ার ঘটনা ঘটে।
কীভাবে বুঝবেন ক্রোকোডাইল টিয়ার হয়েছে?
এই সমস্যার সবচেয়ে পরিচিত লক্ষণ হলো খাবার খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়া। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির যেকোনো একটি চোখ দিয়ে পানি ঝরতে থাকে। বিশেষ করে খাবারের গন্ধ পাওয়ার পর কিংবা খাবার চিবানো শুরু করলে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
সাধারণ কান্নার সঙ্গে এই সমস্যার পার্থক্য রয়েছে। কারণ, দুঃখ, কষ্ট, মানসিক চাপ কিংবা আবেগের কারণে এখানে চোখ দিয়ে পানি পড়ে না। বরং খাবারের উপস্থিতি বা খাবার চিবানোর সঙ্গে বিষয়টির সরাসরি সম্পর্ক থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি নিজেও বুঝতে পারেন না, কেন স্বাভাবিকভাবে খাবার খাওয়ার সময় তাঁর চোখ দিয়ে পানি ঝরছে।
কেন দেখা দেয় এই সমস্যা?
চিকিৎসাবিজ্ঞানে ক্রোকোডাইল টিয়ার হওয়ার পেছনে মুখের স্নায়ু ও গ্রন্থিসংক্রান্ত কিছু সমস্যাকে দায়ী করা হয়। বিশেষ করে মুখের লালাগ্রন্থি হিসেবে পরিচিত প্যারোটিড গ্ল্যান্ডে অস্ত্রোপচারের পর কারও কারও মধ্যে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া বেলস পালসি বা মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে মুখ বাঁকা হয়ে যাওয়ার সমস্যা থেকে সুস্থ হওয়ার পরও কারও চোখ দিয়ে পানি পড়তে পারে। অর্থাৎ, মুখের স্নায়ুর সমস্যার পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় এমন অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে।
ক্রোকোডাইল টিয়ারের চিকিৎসা কী?
এই সমস্যা দেখা দিলে প্রথমেই খাবার খাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়। ঝাল ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা এবং তাড়াহুড়া না করে ধীরে ধীরে খাবার খাওয়া উপকারী হতে পারে। তবে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই সবার ক্ষেত্রে সমস্যার সমাধান হবে, এমন নয়।
কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বটুলিনাম টক্সিন প্রয়োগ করা কার্যকর ভূমিকা রাখতে পারে। আবার সমস্যার ধরন ও তীব্রতা বিবেচনায় কোনো কোনো রোগীর ফেশিয়াল নার্ভ বা মুখের স্নায়ুতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
তাই খাবার খাওয়ার সময় নিয়মিত চোখ দিয়ে পানি পড়লে বিষয়টিকে সাধারণ কান্না ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে খাবারের গন্ধ পেলেই বা চিবানোর সময় একই সমস্যা বারবার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক কারণ শনাক্ত করার পর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে এই অস্বাভাবিক সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন