প্রকৃতির কাছাকাছি থাকা, গাছের ছায়ায় কিছুক্ষণ বসা কিংবা সবুজ বনের মধ্যে হাঁটাহাঁটি-এসব অভ্যাস শুধু মন ভালো রাখে না, শারীরিক সুস্থতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। গাছের সঙ্গে সময় কাটানো ও বনভূমিতে হাঁটাহাঁটি মানসিক চাপ, উদ্বেগ, রক্তচাপ এবং হৃদস্পন্দন কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব থাকতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

গাছকে আলিঙ্গন করলে কী ঘটে শরীরে?

গাছকে আলিঙ্গন করার অভিজ্ঞতা অনেকের কাছে মানসিক প্রশান্তি ও আবেগীয় সংযোগের অনুভূতি তৈরি করে। এ প্রসঙ্গে অক্সিটোসিন হরমোনের কথা উল্লেখ করা হয়। অক্সিটোসিন মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, আন্তরিকতা ও আবেগীয় বন্ধনের সঙ্গে সম্পর্কিত।তবে শুধু গাছকে আলিঙ্গন করলেই শরীরে অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায়, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। বরং প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং ইতিবাচক অনুভূতি তৈরির বিষয়টিকে সামগ্রিকভাবে বিবেচনা করা প্রয়োজন।

গাছের প্রাকৃতিক উপাদান যেভাবে প্রভাব ফেলে রোগ প্রতিরোধক্ষমতায়

গাছপালা নিজেদের সুরক্ষার জন্য ফাইটোনসাইড (Phytoncides) নামের কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান নির্গত করে। এসব উপাদান পোকামাকড়, ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করতে ভূমিকা রাখে।কিছু গবেষণায় বনভূমির পরিবেশে সময় কাটানো এবং মানুষের শরীরের ন্যাচারাল কিলার (NK) কোষের কার্যক্রমের মধ্যে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। এই কোষগুলো শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এগুলো অস্বাভাবিক ও ভাইরাসে আক্রান্ত কোষ শনাক্ত করে ধ্বংস করতে ভূমিকা রাখে।

বনভূমিতে হাঁটলে কমতে পারে মানসিক চাপ ও রক্তচাপ

বনের শান্ত পরিবেশ, গাছের পাতার শব্দ, প্রাকৃতিক আলো এবং নির্মল বাতাস মানুষের মানসিক অবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বনভূমিতে সময় কাটালে শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া কমতে এবং বিশ্রামের সঙ্গে সম্পর্কিত প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হতে সহায়তা করতে পারে।এ ছাড়া বিভিন্ন গবেষণায় বনভিত্তিক কার্যক্রমের পর হৃদস্পন্দন ও রক্তচাপ কমার প্রবণতা দেখা গেছে। উদ্বেগ, মানসিক ক্লান্তি এবং নেতিবাচক অনুভূতি কমাতেও  প্রকৃতির কাছাকাছি  পরিবেশ সহায়ক হতে পারে।

সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে রাখুন প্রকৃতির ছোঁয়া

প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় প্রকৃতির জন্য রাখা যেতে পারে। পার্কে হাঁটা, গাছের ছায়ায় বসা, বাগানে সময় কাটানো কিংবা নিরাপদ প্রাকৃতিক পরিবেশে খালি পায়ে মাটির স্পর্শ অনুভব করা হতে পারে এমন কিছু সহজ অভ্যাস।সবুজের সান্নিধ্য যে শুধু চোখের প্রশান্তি নয়, মানসিক সুস্থতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে । তাই ব্যস্ত জীবনে প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির জন্য রাখা নিজের যত্ন নেওয়ার একটি সহজ অভ্যাস হতে পারে।