কক্সবাজারে এক দিনের ব্যবধানে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য, দুই যুবক এবং দুই কিশোর রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রামু, কক্সবাজার সদর ও মহেশখালীতে এসব দুর্ঘটনা ঘটে। একের পর এক প্রাণহানির ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সড়ক ও রেলপথের নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের চারজন নিহত হন।

নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তার বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সী ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী মেয়ে মাশ্রুফা। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলে এবং অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয়দের অভিযোগ, কাটিরমাথা রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই। রেললাইনের দুই পাশে বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি চালকদের পক্ষে সহজে বোঝাও সম্ভব হয় না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই যানবাহন ও পথচারীদের ওই রেলক্রসিং পার হতে হয়।

এদিকে শুক্রবার সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন নাদিম হাসান (১৬)। তিনি রত্নাপালং এলাকার নাজমুল হোসেনের ছেলে। বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাদিমের মৃত্যু হয়। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীর মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। তারা হলেন কালারমারছড়া ইউনিয়নের মো. শাহীন (২৪) ও সৌদি আরবফেরত ইকবাল (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় সামনে চলে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এতে ঘটনাস্থলেই শাহীন ও ইকবালের মৃত্যু হয়। আহত হন মোহাম্মদ কাইয়ুম (২৪)।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারের পশ্চিম পাশে শামান্তা গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন স্কুলছাত্র তামিম ইকবাল। তিনি বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী বলে জানা গেছে।

সব মিলিয়ে প্রায় ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। পৃথক দুর্ঘটনাগুলো আবারও সামনে এনেছে অরক্ষিত রেলক্রসিং, মহাসড়কে যানবাহনের সংঘর্ষ এবং ঝুঁকিপূর্ণ সড়কে চলাচলের বিষয়টি। দুর্ঘটনার কারণগুলো খতিয়ে দেখা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।