দুবাইয়ের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতনের পর স্বর্ণ কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি গ্রামে প্রায় ১৯ দিরহাম কমেছে ২৪ ক্যারেট স্বর্ণের দাম। এতে দেশটির বিভিন্ন স্বর্ণের দোকানে ক্রেতাদের উপস্থিতি বাড়ার পাশাপাশি অগ্রিম বুকিং ও নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বিশেষ প্রকল্পের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে কমে দাঁড়িয়েছে ৪৩২ দিরহাম ৫০ ফিলসে। আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই দাম ছিল ৪৫১ দিরহাম ৫০ ফিলস। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম কমেছে ১৯ দিরহাম, যা প্রায় ৪ শতাংশ।

একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪১১ দিরহাম ২৫ ফিলস থেকে কমে প্রায় ৪০০ দিরহামে নেমেছে। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম হয়েছে ৩২৯ দিরহাম ২৫ ফিলস এবং ১৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২৫৬ দিরহাম ৭৫ ফিলস।

দুবাইয়ের বাজারে এই দরপতনের পেছনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার টানা পঞ্চম দিনের মতো কমেছে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম। প্রতি আউন্স স্বর্ণের মূল্য নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে।

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ শতাংশ। মার্চের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হতে পারে। একই সঙ্গে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারের এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দুবাইয়ের স্বর্ণের বাজারে।

দাম কমার সুযোগ কাজে লাগাতে ক্রেতাদের আকৃষ্ট করছে বিভিন্ন স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান। বিশেষ করে অগ্রিম অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান বাজারদরে স্বর্ণ কেনার সুবিধা দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রকল্পে বুকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে স্বর্ণ কেনার জন্য একটি নির্দিষ্ট দামের নিশ্চয়তা পাওয়া যায়।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য এমন দুটি প্রকল্প চালু রেখেছে। প্রথম প্রকল্পে মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম জমা দিলে তিন মাস পর্যন্ত স্বর্ণের দাম নির্দিষ্ট রাখা যায়। দ্বিতীয় প্রকল্পে পুরো অর্থ অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দাম বজায় রাখার সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, আগে থেকে নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বুকিং দিলে বাজারে দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে ক্রেতারা সুরক্ষা পান। তবে বুকিংয়ের পর স্বর্ণের দাম আরও কমে গেলে কেনার সময়কার প্রচলিত কম দামেও স্বর্ণ কেনার সুযোগ থাকবে।

অন্যদিকে বাফলে জুয়েলার্সও গ্রাহকদের জন্য অগ্রিম অর্থ জমা দিয়ে স্বর্ণ কেনার প্রকল্প চালু রেখেছে। এই ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে প্রকল্পের মেয়াদের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিরাগ ভোরা জানান, প্রকল্পভেদে অগ্রিম জমার পরিমাণ এবং মূল্য সুরক্ষার নিয়ম আলাদা হতে পারে।

স্বর্ণের দাম কমার পর মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। প্রতিষ্ঠানটির নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার প্রকল্পেও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠানেও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

বিশেষ করে যাদের সামনে বিয়ের কেনাকাটার নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারা এসব প্রকল্পে বেশি আগ্রহ দেখাচ্ছেন। কারণ বিয়ের প্রস্তুতির জন্য তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্বর্ণ কিনতে হচ্ছে। অন্যদিকে স্বর্ণের কয়েন ও বার কিনে বিনিয়োগ করতে আগ্রহীদের অনেকে আরও দরপতনের আশায় আপাতত কেনাকাটা থেকে বিরত রয়েছেন।

তবে অগ্রিম বুকিংয়ের আগে কয়েকটি বিষয় যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রয়েছে কত শতাংশ অর্থ জমা দিতে হবে, কত দিনের জন্য দাম নির্দিষ্ট থাকবে এবং বাজারদর কমলে সেই সুবিধা পাওয়া যাবে কি না। পাশাপাশি বুকিং বাতিল করলে টাকা ফেরতের নিয়ম এবং নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করতে না পারলে কী হবে, সেটিও জেনে নেওয়া জরুরি।