বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে নতুন এক গবেষণা। ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তাদের পূর্বাভাস সত্যি হলে, কয়েক শতাব্দী ধরে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে থাকা খ্রিস্টানদের পেছনে ফেলবে মুসলমানরা।

পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়ন্স: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

২০৭০ সালে মুসলিম জনসংখ্যা ছাড়াবে ৩৬০ কোটি

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। ২০২০ সালে মুসলমানের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। ২০৭০ সাল নাগাদ তা বেড়ে প্রায় ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে।

অন্যদিকে, একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়াতে পারে। গবেষণার হিসাবে, ২০৩৫ সালেই মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বছর বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ২৫৭ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা প্রায় ২৫২ কোটি হতে পারে।

কোন ধর্মের অনুসারী বাড়ছে সবচেয়ে দ্রুত?

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বড় ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়তে পারে। হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের বৃদ্ধির হার বিশ্ব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির তুলনায় কম হতে পারে।

অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন না, এমন মানুষের সংখ্যা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।

এই পরিবর্তনের পেছনে জন্মহারকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।

সাধারণত কোনো জনগোষ্ঠীর জনসংখ্যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে প্রতি নারীর গড়ে প্রায় ২ দশমিক ১ সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে ধরা হয়।

কোন দেশগুলোতে সবচেয়ে বেশি মুসলমান থাকবেন?

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যার বড় অংশের বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৩টি দেশে ২০৭০ সাল নাগাদ আরও প্রায় ১২০ কোটি মুসলমান যুক্ত হতে পারেন। এটি বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল প্রায় ২৩ কোটি ৯০ লাখ। একই সময়ে পাকিস্তানে মুসলমানের সংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৭০ লাখ।

তবে ২০৭০ সাল নাগাদ পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ হতে পারে। সে সময় পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপরীতে, ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা বাড়তে পারে প্রায় ১৫ শতাংশ।

ভারতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০২০ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সাল নাগাদ তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে। এতে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশের তালিকায় ভারত তৃতীয় অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে।

আফ্রিকার দেশগুলোর অবস্থানেও পরিবর্তন আসবে

গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যার দিক থেকে নাইজেরিয়ার অবস্থানও উন্নত হতে পারে। ২০৭০ সাল নাগাদ দেশটিতে মুসলমানের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ২৮ কোটি ২০ লাখে দাঁড়াতে পারে। এতে দেশটি তালিকার পঞ্চম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসতে পারে।

২০৭০ সালের সম্ভাব্য শীর্ষ ১০টি দেশের তালিকায় আফ্রিকার চারটি দেশ থাকবে। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। বর্তমান তালিকার ইরান ও আলজেরিয়ার জায়গায় ইথিওপিয়া ও আফগানিস্তান যুক্ত হতে পারে।

এ ছাড়া সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এ সংখ্যা তুরস্কের সম্ভাব্য মুসলিম জনসংখ্যার চেয়েও বেশি হতে পারে।

কীভাবে তৈরি হয়েছে এই পূর্বাভাস?

পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে গবেষণার আওতায় নিয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

গবেষণায় জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন ধারণার ভিত্তিতে জনসংখ্যার হিসাব তৈরি করা হয়েছে।

তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পরিসংখ্যান নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক পরিস্থিতি কিংবা সামাজিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে জনসংখ্যার হিসাব বদলে যেতে পারে।

তাই ২০৩৫ সালের মধ্যে মুসলমানরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবেন কি না, তা নির্ভর করবে আগামী বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির ধারার ওপর।