এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে জোড়া স্বীকৃতি পাওয়ার পর দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। অবকাঠামোগত উন্নয়ন, মাঠ সংকট নিরসন, বয়সভিত্তিক দলগুলোর দীর্ঘমেয়াদি প্রস্তুতি এবং দেশীয় কোচিং কাঠামো শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
গতকাল এএফসির বর্ষসেরা সদস্য অ্যাসোসিয়েশন পুরস্কারে 'রুবি' ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি গ্রাসরুট ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো 'সিলভার' পুরস্কার অর্জন করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ এই অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন জাহেদী।
সংবাদ সম্মেলনে এই অর্জনকে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে বিশেষ একটি দিন হিসেবে উল্লেখ করেন বাফুফের এই সহসভাপতি। তিনি বলেন, 'আজকের দিনটা আমাদের বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটা অত্যন্ত আনন্দঘন সময়। স্বাধীনতার পর থেকে এবারই প্রথম আমরা এমন কোনো অ্যাওয়ার্ডেড হলাম।'
একই দেশের ফুটবল ফেডারেশনের বর্ষসেরা সদস্য অ্যাসোসিয়েশন হিসেবে স্বীকৃতি পাওয়া এবং গ্রাসরুট ফুটবলে পরপর দুবার পুরস্কার অর্জনকে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, এই স্বীকৃতি দেশের ফুটবলের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফল অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করবে।
তবে সাফল্যের পাশাপাশি দেশের ফুটবলের অন্যতম বড় সমস্যা হিসেবে মাঠ সংকটের বিষয়টি সামনে এনেছেন জাহেদী। বিশেষ করে রাজধানী ঢাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় ক্লাবগুলোকে নিয়মিত নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে জাহেদী বলেন, 'আমাদের মাঠের খুব অভাব, বিশেষ করে ঢাকাতে। লজিস্টিক্যালি অনেক সমস্যা ক্লাবগুলোর হয়ে যায়।'
মাঠের এই সংকট কাটাতে দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে বাফুফের। ফিফার সহযোগিতা এবং সরকারের আনুকূল্যে পাওয়া কক্সবাজারের রামুর জমিতে ফুটবল কমপ্লেক্স গড়ে তোলার কাজ এগিয়ে নিতে চান তাঁরা। তাঁর মতে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো তৈরি করা গেলে ফুটবলারদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হবে।
এদিকে কমলাপুরের ফুটবল একাডেমির আবাসন সমস্যার বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। জাহেদী জানান, রাতে পাশের সড়ক দিয়ে ভারী ট্রাক চলাচলের কারণে হোস্টেলে শব্দদূষণ হয়। এতে একাডেমিতে থাকা শিশু ফুটবলারদের ঘুমের সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানে হোস্টেলে সাউন্ডপ্রুফ গ্লাস স্থাপন অথবা আবাসন অন্য জায়গায় স্থানান্তরের বিষয়ে চিন্তাভাবনা চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং বয়সভিত্তিক দলগুলোর সাফল্য ধরে রাখতেও বিশেষ গুরুত্ব দিতে চান জাহেদী। তাঁর মতে, শুধু প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পেলেই হবে না, তাদের দীর্ঘমেয়াদে পরিচর্যা ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এজন্য দেশব্যাপী কার্যকর স্কাউটিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
জাহেদী বলেন, 'আমাদের প্রপার স্কাউটিং করতে হবে সারা দেশব্যাপী।' পাশাপাশি জেলা লিগ, স্কুল ফুটবল, পাইওনিয়ার লিগসহ নিচের স্তরের প্রতিযোগিতাগুলো দ্রুত চালুর ওপর জোর দেন তিনি। নিয়মিত এসব প্রতিযোগিতা আয়োজন করা গেলে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করেন বাফুফের এই কর্মকর্তা।
দেশীয় কোচিং কাঠামো শক্তিশালী করাও ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ। বয়সভিত্তিক দলগুলোর জন্য দীর্ঘমেয়াদি ক্যাম্প, পরিকল্পিত প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে ফুটবলের ভিত্তি আরও মজবুত করতে চায় বাফুফে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় দলসহ বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে ইতিবাচক ফল পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
অন্যদিকে ঘরের মাঠে সাফের ফাইনাল খেলতে না পারার আক্ষেপও লুকাননি জাহেদী। প্রত্যাশিত লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'জিততে না পারলে তো হতাশা লাগেই!' তবে এএফসির সাম্প্রতিক স্বীকৃতিকে সামনে রেখে ভবিষ্যতে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাঁর।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন