ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ এবং গাজায় গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর মাথার ওপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা। নিজ দেশেও একাধিক ফৌজদারি মামলার বিচার চলছে। এসব অভিযোগ ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিন দফায় প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন তিনি।

তবে এবার নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট হয়েছে দেশটির বিরোধী দলগুলো। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নতুন সরকার গঠিত হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হতে পারে। একই সঙ্গে দুর্নীতির মামলাগুলোতে তাঁর বিচারপ্রক্রিয়া আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্নীতির অভিযোগে তিনটি ফৌজদারি মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে তিনটি দুর্নীতির মামলা। ইসরায়েলের আইনি পরিভাষায় এগুলো ‘কেস ১০০০’, ‘কেস ২০০০’ ও ‘কেস ৪০০০’ নামে পরিচিত। ২০১৬ সালে দীর্ঘ তদন্ত শুরুর পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাঁর বিচার শুরু হয়। এসব মামলায় ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কেস ১০০০: দামি উপহার গ্রহণের অভিযোগ

কেস ১০০০-তে অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু হলিউড প্রযোজক আর্নন মিলচান এবং অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেলের দামি সিগার ও গোলাপি শ্যাম্পেন উপহার নিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, এসব উপহারের বিনিময়ে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ওই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন নেতানিয়াহু।

কেস ২০০০: গণমাধ্যম নিয়ন্ত্রণের গোপন সমঝোতা

কেস ২০০০-তে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, জনপ্রিয় পত্রিকা ইয়েদিওথ আহারোনথের প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে গোপন সমঝোতা করেছিলেন তিনি।

এর বিনিময়ে পত্রিকাটিতে নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ এবং প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়োমের প্রচার কমানোর পরিকল্পনা ছিল।

কেস ৪০০০: ব্যবসায়িক সুবিধার বিনিময়ে ইতিবাচক সংবাদ

কেস ৪০০০-তে তাঁর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, টেলিকম প্রতিষ্ঠান বেজেকের মালিক শৌল ইলোভিচকে বিপুল ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন নেতানিয়াহু।

বিনিময়ে ইলোভিচের মালিকানাধীন ওয়ালার সংবাদমাধ্যমে নেতানিয়াহু ও তাঁর পরিবারের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের চাপ দেওয়া হয়েছিল।

দুর্নীতির অভিযোগে তিনটি ফৌজদারি মামলা নেতানিয়াহুর
দুর্নীতির অভিযোগে তিনটি ফৌজদারি মামলা নেতানিয়াহুর

নিজের স্বার্থে বিচারব্যবস্থা পরিবর্তনের চেষ্টা

নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা থেকে প্রভাবমুক্ত থাকতে স্বার্থের সংঘাতবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল।

তবে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়ে বিতর্কে জড়ান নেতানিয়াহু। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো এবং বিচারক নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা করেন তিনি।

বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

২০২৩ সালে নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সংস্কার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নেতানিয়াহু তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেন। এর প্রতিবাদে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

৭ অক্টোবরের হামলার পর গাজায় ভয়াবহ যুদ্ধ

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। আড়াই শর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটি।

এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হন। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নির্বিচার হামলা ও গণহত্যার অভিযোগ ওঠে।

৭ অক্টোবরের হামলার পর গাজায় ভয়াবহ যুদ্ধ
৭ অক্টোবরের হামলার পর গাজায় ভয়াবহ যুদ্ধ l ছবি: সংগৃহীত

জিম্মিদের মুক্তি ও যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বিতর্ক

অনেক ইসরায়েলির অভিযোগ, গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু যথেষ্ট উদ্যোগ নেননি। তাঁদের মতে, আরও আগে কার্যকর পদক্ষেপ নিলে অনেক জিম্মিকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হতো।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান ধরে রাখার হাতিয়ার হয়ে ওঠে। যুদ্ধের অজুহাতে বারবার আদালতে হাজিরা পিছিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

দুর্নীতির মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা

দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনা করেন নেতানিয়াহু। তাঁর যুক্তি, বিচারপ্রক্রিয়া জাতীয় ঐক্য নষ্ট করছে এবং যুদ্ধের সময় তাঁর পুরো মনোযোগ রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকা প্রয়োজন।

তবে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর এই উদ্যোগের সমালোচনা করেন। তাঁদের মতে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় স্বীকার না করে ক্ষমা চাওয়ার এই প্রচেষ্টা রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট।

ইরানকে ঘিরে নতুন যুদ্ধের পথে নেতানিয়াহু

গাজা যুদ্ধের পর ইরানকে ঘিরেও নতুন সংঘাতে জড়ায় ইসরায়েল। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরে আসছেন।

১৯৯২ সাল থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্ক করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মঞ্চে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে সামরিক অভিযান

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করে।

ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলে নেতানিয়াহুর প্রতি জনসমর্থন বেড়ে ৬২ শতাংশে পৌঁছানোর কথা বিভিন্ন জনমত জরিপে উঠে আসে। তবে দীর্ঘস্থায়ী এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ক্ষমতা হারালে কী হবে নেতানিয়াহুর?

বিরোধী দলগুলো সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হতে পারে। এতে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং দুর্নীতির মামলাগুলোর বিচার স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।

এসব মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁকে শাস্তির মুখোমুখিও হতে হতে পারে। ফলে প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তার করা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন নতুন অনিশ্চয়তার মুখে।