ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকা থেকে বেরিয়ে এসে খাবার চেয়েছে দীর্ঘদিন ধরে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্য। সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা বিরল বলে জানিয়েছে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল। সংগঠনটির প্রকাশ করা বিরল ছবিতে উঠে এসেছে বন উজাড়, অবৈধ কাঠ কাটা ও বহিরাগতদের অনুপ্রবেশের কারণে এই জনগোষ্ঠীর বিপন্ন অবস্থার চিত্র।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, এর আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের একটি সরকারি দলের সামনে আসেন আওয়া জনগোষ্ঠীর সদস্যরা। তাঁরা সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন। তবে ওই দিন তাঁরা সরকারি দলের কাছে খাবার চান।
সংগঠনটি এই ঘটনাকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, সাম্প্রতিক কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর এভাবে বাইরের মানুষের সামনে আসার নজির নেই। নিজেদের বসবাসের এলাকায় বহিরাগতদের ক্রমাগত অনুপ্রবেশ এবং খাদ্যসংকটের চাপ থেকেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, যোগাযোগবিচ্ছিন্ন আদিবাসী বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায়, যারা বাইরের পৃথিবী সম্পর্কে জানলেও বহিরাগতদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে। এসব মানুষের সঙ্গে তাদের কোনো স্থায়ী সম্পর্কও থাকে না।
স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষ পরিকল্পনা
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিবরণ পর্যালোচনা করছে তারা। এসব ভিডিওতে মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের যোগাযোগ করতে দেখা গেছে।
ফুনাই আরও জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা কার্যকর করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো আদিবাসীদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা। কারণ, দীর্ঘদিন বাইরের মানুষের সংস্পর্শের বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধেও পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে।
সংস্থাটি স্পষ্ট করেছে, ব্রাজিল সরকার এই জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না। বরং তাদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ না নেওয়ার নীতিই বহাল রাখা হয়েছে। ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়ারা মারানিয়াওয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের তুপি-গুয়ারানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের একটি অংশ স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করে।
চারদিক থেকে অনুপ্রবেশের চাপ
আমাজন বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন। তবে সাম্প্রতিক কয়েক দশকে অবৈধ খনিশ্রমিক, কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে বনটির বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। তাদের ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা প্রবেশ করছে। ফলে আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা একটি বনাঞ্চলে তারা আটকা পড়ছে। চারপাশে চলছে বন ধ্বংসের কার্যক্রম।
সংগঠনটি জানিয়েছে, ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামে পরিচিত আদিবাসীদের একটি দলের অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। এই দলটি অবৈধভাবে গাছ কাটা এবং গবাদিপশুর খামার স্থাপনের বিরুদ্ধে কাজ করে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশের বসবাস আমাজন অঞ্চলে। শুধু ব্রাজিলেই এমন ১২৪টি জনগোষ্ঠী রয়েছে।
এদিকে মারানিয়াওয়ের আদিবাসীদের সংগঠন কোয়াপিমা বলেছে, আওয়াদের সঙ্গে সাম্প্রতিক এই সাক্ষাৎ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অপরিকল্পিত যোগাযোগের ফলে এসব জনগোষ্ঠী সংক্রামক রোগের ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি তাদের নিরাপত্তা ও নিজস্ব ভূখণ্ডের সুরক্ষাও হুমকির মুখে পড়তে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন