ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তাঁর দাবি, নেতানিয়াহু আর এক মুহূর্তও সরকারপ্রধানের দায়িত্বে থাকার যোগ্য নন। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন আইজেনকোট। এর কয়েক ঘণ্টা আগে দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট বা রাআম দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা তথ্যদাতার কাছে পাঠান, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার বিনিময়ে ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ওই গোয়েন্দা তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে, নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। তাঁদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহ করা হলেও অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই অনুরোধ নাকচ করে দেয়।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। পাশাপাশি পুলিশ ও শিন বেতের কাছে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যাখ্যা চেয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর দল লিকুদ তাঁর বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকোট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু নির্বাচনের সময় ফিলিস্তিনি-ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় উসকানি দিয়েছেন। শনিবার নেতানিয়াহু তাঁকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানালেও সেই প্রস্তাবকে ‘ভাঁওতা’ বলে মন্তব্য করেন আইজেনকোট। তবে তাঁর ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা স্বীকার করেছেন তিনি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন