অভিনয়ের পর এবার প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

নতুন এই অর্জনে বেশ উচ্ছ্বসিত বুবলী। সুখবরটি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রকাশ করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্রের পোস্টার। নতুন পথচলায় সবার ভালোবাসা ও সমর্থনও চেয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজের প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

তিনি আরও লেখেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

অভিনয়ের পর প্রযোজনায় নতুন যাত্রা

বুবলীর কর্মজীবন শুরু হয়েছিল টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে। এরপর ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।

পরবর্তী সময়ে একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান বুবলী। এবার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়ে নিজের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

প্রযোজক হিসেবে তাঁর প্রথম কাজ ‘ঠিকানা’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাচিত বিভাগে জায়গা পাওয়ায় নতুন এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখন দর্শকদের অপেক্ষা, কবে এবং কীভাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখতে পাওয়া যাবে।