ছোটদের কথাবার্তা শুনে অনেক সময় অবাক হয়ে যান বড়রা। বাংলা বাক্যের মাঝেই হঠাৎ ‘ব্রেন রট’, ‘গ্লেজিং’, ‘সিক্স সেভেন’ কিংবা ‘ক্র্যাশ আউট’ এমন সব শব্দ ব্যবহার করছে তারা, যার অর্থ অনেকের কাছেই অজানা। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, ইউটিউব ও টিকটকের বিভিন্ন ভিডিও থেকে ছড়িয়ে পড়ছে এসব শব্দ। ২০১০ সালের পর জন্ম নেওয়া জেন আলফা প্রজন্মের কাছে এগুলো এখন পরিচিত ভাষার অংশ।
প্রযুক্তির সঙ্গে বেড়ে ওঠা এই প্রজন্মের যোগাযোগের ধরন আগের প্রজন্মের তুলনায় অনেকটাই আলাদা। বিশেষ করে টিকটক, ইউটিউব শর্টস, অনলাইন গেম ও বিভিন্ন কনটেন্ট নির্মাতার ভিডিও থেকে নতুন নতুন শব্দ শিখছে তারা। এসব শব্দ কখনো মজা করে, কখনো কাউকে খোঁচা দিতে, আবার কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। চলুন, জেনে নেওয়া যাক জেন আলফার বহুল ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ।
১. স্কুবা (Scuba)
স্কুবা শুনলে পানির নিচে ডুব দেওয়ার কথা মনে হতে পারে। কিন্তু জেন আলফার অনলাইন ভাষায় শব্দটির অর্থ আলাদা। কোনো কিছু থেকে দুর্গন্ধ আসা বা কোনো ব্যক্তির কথা বিশ্বাসযোগ্য মনে না হলে মজা করে ‘স্কুবা’ বলা হয়। এ শব্দের সঙ্গে একটি বিশেষ অঙ্গভঙ্গিও জনপ্রিয় হয়েছে। এক হাতে নাক চেপে অন্য হাত দিয়ে বাতাস সরানোর মতো ভঙ্গি করাকেই বলা হয় ‘স্কুবা ড্যান্স’।
২. ব্রেন রট (Brain Rot)
একটানা রিলস বা অর্থহীন ভিডিও দেখতে দেখতে যখন মাথা ঝিমঝিম করে কিংবা চিন্তাভাবনা ভোঁতা মনে হয়, তখন সেটিকে বলা হয় ব্রেন রট। অনলাইনে নিম্নমানের ও অতিরিক্ত সময় ধরে দেখা কনটেন্টকেও এই নামে ডাকা হয়। শব্দটি এতটাই জনপ্রিয় হয়েছে যে অক্সফোর্ড ডিকশনারি ২০২৪ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করে ‘ব্রেন রট’কে।
৩. গ্লেজিং (Glazing)
কাউকে অতিরিক্ত প্রশংসা করা বা তোষামোদ করাকে জেন আলফার ভাষায় বলা হয় গ্লেজিং। বাংলায় একে অনেকটা ‘তেল দেওয়া’ বলা যায়। যেমন, কোনো শিক্ষার্থী শিক্ষককে অতিরিক্ত প্রশংসা করলে পাশে থাকা বন্ধু বলতে পারে, ‘এত গ্লেজিং করিস না!’ অর্থাৎ প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করে সুবিধা নেওয়ার চেষ্টা বোঝানো হয়।
৪. সিক্স সেভেন (Six Seven)
জেন আলফার সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি হলো সিক্স সেভেন। মার্কিন র্যাপার স্ক্রিলার ‘ডুট ডুট (৬ ৭)’ গান থেকে শব্দটি জনপ্রিয়তা পায়। পরে বাস্কেটবলসংক্রান্ত ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের মিমের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। এর নির্দিষ্ট কোনো অর্থ নেই। অনেক সময় মজা করে বা কোনো প্রশ্নের অদ্ভুত উত্তর হিসেবেও শব্দটি ব্যবহার করা হয়। বলার সময় দুই হাতের তালু ওপরের দিকে রেখে পালাক্রমে ওঠানামা করার ভঙ্গি দেখা যায়।
৫. ওহাইও (Ohio)
ওহাইও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের নাম। কিন্তু ইন্টারনেটের ভাষায় এটি অদ্ভুত, উদ্ভট বা বিব্রতকর কোনো পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। ‘অনলি ইন ওহাইও’ মিম থেকে শব্দটির এই ব্যবহার জনপ্রিয় হয়। যেমন, কেউ অদ্ভুত কোনো কাজ করলে বন্ধুরা বলতে পারে, ‘এটা তো পুরাই ওহাইও!’
৬. কোয়ায়েট অন দ্য ক্রিক (Quiet on the Creek)
কথাটির অর্থ হলো চুপচাপ থাকা কিংবা নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখা। অর্থাৎ কোনো ঘটনা বা পরিকল্পনা সবাইকে না জানিয়ে নিজের মধ্যে রাখার পরামর্শ দিতে এটি ব্যবহার করা হয়। মার্কিন র্যাপার সসি সান্তানার গান থেকে কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।
৭. ক্র্যাশ আউট (Crash Out)
রাগ, হতাশা বা উত্তেজনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কিংবা হঠাৎ বেপরোয়া আচরণ করাকে বলা হয় ক্র্যাশ আউট। ধরুন, পরীক্ষার আগের রাতে পড়তে বসে দেখলেন সব প্রস্তুতি অসম্পূর্ণ। হতাশায় রাগারাগি শুরু করলেন। এমন পরিস্থিতিকে মজা করে ক্র্যাশ আউট বলা যেতে পারে।
৮. ম্যাক্সিং (Maxxing)
কোনো একটি বিষয়কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা বোঝাতে ম্যাক্সিং শব্দটি ব্যবহার করা হয়। এটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন, নিজের চেহারা ও সৌন্দর্য বাড়ানোর চেষ্টাকে বলা হয় ‘লুকসম্যাক্সিং’। আবার বেশি ঘুমানোর মাধ্যমে ঘুমের অভ্যাস উন্নত করার চেষ্টাকে বলা হয় ‘স্লিপম্যাক্সিং’।
৯. ফানুম ট্যাক্স (Fanum Tax)
বন্ধুর প্লেট থেকে অনুমতি ছাড়াই এক টুকরো খাবার নিয়ে খাওয়াকে মজা করে বলা হয় ফানুম ট্যাক্স। শব্দটি এসেছে মার্কিন অনলাইন স্ট্রিমার ফানুমের নাম থেকে। তিনি লাইভ ভিডিওতে বন্ধুদের খাবার থেকে ভাগ বসানোর জন্য পরিচিত। এখন বন্ধুর খাবার থেকে এক কামড় নেওয়ার ঘটনাও এই নামে পরিচিতি পেয়েছে।
জেন আলফার এসব শব্দের জনপ্রিয়তা মূলত ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল। আজ যে শব্দটি ট্রেন্ডিং, কয়েক সপ্তাহ পর সেটি হয়তো আর ব্যবহারই করবে না তারা। তাই নতুন প্রজন্মের ভাষা বুঝতে গিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ বড়রা যখন একটি শব্দের অর্থ শিখছেন, তখন ছোটদের মুখে হয়তো ইতিমধ্যে চলে এসেছে নতুন আরেকটি শব্দ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন