পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় দ্বিতীয় দফায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এর আগে উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

জানা যায়, সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়াতেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে দুই শতাধিক পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।

পটিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
পটিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দল-মত নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়ন করা হবে।

খোরশেদ আলম আরও বলেন, যারা পালিয়ে গিয়ে এখন আগুন-সন্ত্রাস করছে, তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নিষিদ্ধ সংগঠনের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। দেশের মানুষ শান্তি চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কারণে দেশের মানুষ অনেক উপকৃত হয়েছে। বেগম খালেদা জিয়াও দেশের স্বার্থবিরোধী কোনো কর্মসূচি হাতে নেননি। তাঁরই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মেম্বারের সভাপতিত্বে এবং যুবদল নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সচিব শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহ-সভাপতি আবদুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন ও আবদুল শুক্কুর, মো. সেলিম, অর্থ সম্পাদক মো. ফারুক, মো. ইলিয়াছ মেম্বার, যুবদল নেতা আদনানুল হক মিয়া, জমির উদ্দীন, মুজিবুর রহমান সোহেল, মো. সাদ্দাম, মো. আলী, মো. সাজ্জাদ, আনু সও. জিল্লুর রহমান প্রমুখ।

তথ্য সংগ্রহ করেন সুপারভাইজার টিপু মল্লিক এবং তথ্য সংগ্রহকারী মীর আরিফুল ইসলাম, এমরান হোসেন ও মো. ইমতি তালুকদার।