কানাডার রাজধানী অটোয়ায় বার্ষিক পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে হঠাৎ মঞ্চে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এক অভিনয়শিল্পী। ট্রাম্পের ছদ্মবেশে তাঁর উপস্থিতি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে করা নানা কৌতুক অনুষ্ঠানে হাস্যরসের পরিবেশ তৈরি করে।
শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ নৈশভোজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর অনুষ্ঠিত এই আয়োজনে সাংবাদিক ও রাজনীতিবিদেরা একত্র হন। অনুষ্ঠানে সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা করা হয়। নিজেদের পাশাপাশি প্রতিপক্ষকেও হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন বক্তারা।
ট্রাম্পের আদলে পোশাক ও সাজসজ্জা নিয়ে মঞ্চে ওঠা ওই শিল্পী তাঁর বক্তব্যের শুরুতেই ‘ফেক নিউজ’ বলে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর কার্নিকে নিয়ে রসিকতা করে বলেন, এখানে দুজন কার্নি রয়েছেন। বিষয়টিকে তিনি অবিশ্বাস্য ও এক ধরনের বিপর্যয় বলেও মন্তব্য করেন।
কৌতুকের একপর্যায়ে শিল্পী বলেন, কার্নি এতটাই জনপ্রিয় যে তিনি প্রায় তাঁর নিজের মতোই। ট্রাম্পের পরিচিত বক্তব্যের ধরন অনুসরণ করে বলা এই কথায় অনুষ্ঠানে হাসির আবহ তৈরি হয়।
এ সময় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও তুলে ধরেন ওই অভিনয়শিল্পী। পরে মার্ক কার্নির শারীরিক গঠন নিয়েও কৌতুকপূর্ণ মন্তব্য করেন তিনি।
শুধু কথার ভঙ্গিই নয়, ট্রাম্পের পরিচিত করমর্দনের ধরনও অনুকরণ করেন শিল্পী। শক্তভাবে হাত মেলানোর সেই ভঙ্গি মঞ্চে তুলে ধরে তিনি উপস্থিত অতিথিদের বিনোদন দেন।
কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম পরিচিত বার্ষিক আয়োজন। এখানে রাজনৈতিক আলোচনা, ব্যঙ্গ ও বিনোদনের মধ্য দিয়ে বিভিন্ন নেতা ও সমসাময়িক ঘটনাকে তুলে ধরা হয়। এবারের আয়োজনেও ট্রাম্পের ছদ্মবেশে ওই শিল্পীর উপস্থিতি অতিথিদের জন্য ছিল অন্যতম আকর্ষণ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন