প্রতিবছরের মতো এবারও আগামী বছরের বৈশ্বিক গতিপ্রকৃতি নিয়ে বিশেষ সংখ্যা ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড’ প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকনমিস্ট। ২০২৭ সালের এই সংখ্যায় বিশ্ব রাজনীতি, যুদ্ধ, অর্থনীতি, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। বরাবরের মতোই এর প্রতীকী প্রচ্ছদ ঘিরে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, যদিও প্রচ্ছদের প্রতিটি প্রতীকের আলাদা ব্যাখ্যা সাময়িকীটি দেয়নি।

আধুনিক বিশ্ব এখন অনেকটাই কল্পবিজ্ঞানের মতো হয়ে উঠেছে-মহাকাশে কম্পিউটার স্থাপনের স্বপ্ন দেখা রকেট ব্যবসায়ী বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন, ড্রোন বদলে দিয়েছে যুদ্ধের ধরন, চালকবিহীন ট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট এখন বাস্তবতা। ভিনগ্রহের প্রাণীদের দেখা না মিললেও ২০২৭ সালে যে ১০টি বড় বিষয় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকবে, তা তুলে ধরেছে দ্য ইকনমিস্ট।

১. ট্রাম্প-পরবর্তী সময়

মধ্যবর্তী নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তবে ট্রাম্প নিজে নিষ্ক্রিয় হয়ে থাকবেন না। নিজের প্রভাব ও উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি আরও নির্বাহী আদেশ জারি করতে পারেন। আইনি লড়াই, বিভিন্ন স্থানের নাম পরিবর্তন, বড় নির্মাণ প্রকল্প এবং সামরিক অভিযানও দেখা যেতে পারে। একই সঙ্গে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হবে।

লাল টাই ও কালো স্যুট পরিহিত ডোনাল্ড ট্রাম্পের ক্লোজআপ ছবি
২০২৭ সালে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রাজনীতি ও তাঁর উত্তরসূরি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা জোরদার হবে। ছবি: সংগৃহীত

২. ইরান সংঘাতের পরিণতি

ইরান সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় অনিশ্চয়তা দীর্ঘায়িত হবে। ট্রাম্পের ভুল সিদ্ধান্তে শুরু হওয়া এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মর্যাদা ক্ষুণ্ন করেছে-মিত্রদের আস্থা কমেছে এবং প্রতিপক্ষের ভয়ও আগের মতো নেই। ২০২৭ সালজুড়ে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের রাজনীতি, জ্বালানি সরবরাহ, খাদ্যনিরাপত্তা ও সারের বাজারে পড়তে পারে। পাশাপাশি ইরানের সরকার দেশের ভেতরে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করবে।

৩. আবারও ইতিহাসের উষ্ণতম বছর

২০২৭ সাল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে। ‘সুপার এল নিনো’র প্রভাবে খরা, তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়বে। তবে অজান্তেই ট্রাম্প নবায়নযোগ্য জ্বালানির পক্ষে বিশ্বের সবচেয়ে বড় প্রচারক হয়ে উঠেছেন; কারণ জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি জ্বালানির দামের অস্থিরতা থেকে বাঁচার সেরা উপায় এখন এটিই।

৪. কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে ক্ষোভ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। জটিল ও অস্বচ্ছ চুক্তির মাধ্যমে এআই কোম্পানিগুলোর অতিরিক্ত ঋণ বাজারে ধস নামাতে পারে। এ ছাড়া উন্নত এআই মডেলের কারণে সাইবার হামলা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে চাকরি হারানো কিংবা তথ্যকেন্দ্রে অতিরিক্ত বিদ্যুৎ ও পানি ব্যবহারের আশঙ্কার পেছনে বাস্তব প্রমাণের চেয়ে সম্ভাব্য ভয়ই বেশি কাজ করছে।

৫. ইউরোপে জনতুষ্টিবাদী ডানপন্থীদের উত্থান

২০২৭ সালে ইউরোপের রাজনীতিতে সবার নজর থাকবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির নেতা মেরিন লো পেনের জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি জিতলে ইউরোপীয় ইউনিয়নের মূল চালিকাশক্তি ফ্রান্স-জার্মানি সম্পর্কে ফাটল ধরতে পারে এবং ঋণে জর্জরিত ফ্রান্সের অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়বে।

৬. বন্ডবাজারের চাপ

সরকারি অতিরিক্ত ব্যয়, এআই অবকাঠামো নির্মাণের বিস্তার এবং জ্বালানির দাম বাড়ায় নতুন মূল্যস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ধনী দেশগুলোর ঋণ নেওয়ার খরচ বাড়ছে। উচ্চ সুদের হারের চাপে থাকা কোম্পানি ও পরিবারগুলোর এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বড় কোনো আর্থিক সংকট দেখা দিতে পারে।

৭. তাইওয়ান নিয়ে চূড়ান্ত সময়সীমা

ইউক্রেন ও ইরানের যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে আধুনিক প্রযুক্তির যুগে ছোট শক্তিও বড় শক্তিকে ঠেকাতে পারে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন বলে জানা যায়। যুক্তরাষ্ট্র নানা সংকটে ব্যস্ত থাকায় চীন কি পদক্ষেপ নেবে, নাকি ২০২৮ সালে তাইওয়ানের নির্বাচনের অপেক্ষা করবে—তা নিয়ে আগামী দুই বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

৮. ওজেমপিকের প্রভাব ও ভোক্তা আচরণ

ওজন কমানোর ওষুধ শুধু মানুষকে সুস্থ ও রোগা করছে না, বরং ভোক্তাদের কেনাকাটার ধরনও বদলে দিচ্ছে। ওজন কমিয়ে নতুন জীবন শুরু করা মানুষজন পোশাক, প্রসাধনী ও শরীরচর্চায় প্রচুর ব্যয় করছেন, যাকে ‘প্রতিশোধের কেনাকাটা’ বলা হচ্ছে। এর সাফল্যে ওষুধ কোম্পানিগুলো এখন মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা নিয়েও আগ্রহী হয়ে উঠেছে।

৯. কম খরচে মহাকাশে যাত্রা

স্পেসএক্সের বিশাল স্টারশিপ নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করবে এবং চীনের রকেট নির্মাতারাও পুনর্ব্যবহারযোগ্য বুস্টারের সক্ষমতা দেখাবে। মহাকাশ যাত্রার খরচ কমে আসায় বেসরকারি মহাকাশ স্টেশন, এমনকি কক্ষপথে তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) নির্মাণও বাস্তবে রূপ নিতে পারে।

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ ও টেসলা গাড়ির মাঝে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের ছবি
স্পেসএক্সের স্টারশিপের মাধ্যমে ২০২৭ সালে মহাকাশ যাত্রার খরচ আরও কমে আসার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

১০. হলিউডের নতুন শুরু

৫০ বছর পূর্তি উপলক্ষে ‘স্টার ওয়ার্স’ আবার মুক্তি পেতে যাচ্ছে এবং সিরিজটির নতুন ছবিও আসছে। ফিরছে ‘অ্যাভেঞ্জার্স’ ও নতুন জেমস বন্ড। তবে ইউটিউবারদের কম বাজেটের ছবির সাফল্য প্রমাণ করছে যে দর্শকেরা পুরোনো ফ্র্যাঞ্চাইজির বদলে নতুন কিছু খুঁজছেন। তবুও স্বয়ংক্রিয় রোবট, তথ্য চুরি ও ছোট যানের কাছে বড় বাহিনীর পরাজয়ের মতো বিষয়গুলো থাকায় ২০২৭ সালে ‘স্টার ওয়ার্স’ আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হতে পারে।