পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বর্তমান বাজারমূল্য আড়াই লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক কৃষক আবুল কাশেমের ছেলে মো. সোহেল পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। রাত আনুমানিক ৩টার দিকে চোরের একটি দল গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তিনটি গরু নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী সোহেল জানান, রাত ৩টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। গোয়ালঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুটি গাভী ও একটি বাছুর। একটি গাভীর রং লাল-সাদা মিশ্র এবং অন্যটি লাল রঙের। বাছুরটির রং সাদা। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনার পাশাপাশি পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের (এমপি) দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সোহেল।
প্রতিবেশী ও তার বন্ধু জানান, সোহেল একসময় একটি ব্যাংকে চাকরি করতেন। চাকরি হারানোর পর ঋণ নিয়ে গরু পালন শুরু করেন। গরুগুলোই ছিল তাঁর পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। সেই আয়ের ওপর নির্ভর করেই চলছিল তাঁর সংসার।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সাথে যোগাযোগ করা তিনি জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ তদন্ত করছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন