পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় আরিফ তালুকদার (২৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিরি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মনির চেয়ারম্যানের বাড়ির জহুরুল হকের ছেলে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল আরিফ তালুকদারের বিরুদ্ধে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়া সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ যুযুৎস যশ চাকমা জানান, শনিবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।