‘এ জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না, স্বর্ণা।’ এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। চিঠির শেষেও রয়েছে এক বিশেষ আকুতি। সেখানে লেখা, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’

শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ৪ মাস ২৫ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর দান করা টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় পাওয়া যায় বেনামে লেখা এই চিঠি।

সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট চিঠিতে একজন অজ্ঞাত ব্যক্তি স্বর্ণাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে স্বর্ণার মনে নিজের জন্য জায়গা করে দেওয়ার প্রার্থনা করেছেন তিনি।

চিঠিটি কে লিখেছেন, কিংবা স্বর্ণা নামের ওই ব্যক্তি কে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দানবাক্সে পাওয়া এই ব্যক্তিগত অনুভূতির চিঠিটি কৌতূহল তৈরি করেছে।

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা

এবার পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। দান করা অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য মানুষ পাগলা মসজিদে দান করেন। টাকা ছাড়াও বিভিন্ন সময় দানবাক্সে চিঠি, স্বর্ণালংকারসহ নানা সামগ্রী পাওয়া যায়। তবে স্বর্ণাকে উদ্দেশ করে লেখা এই চিঠিটি দানবাক্সে পাওয়া আবেগঘন এক ব্যতিক্রমী ঘটনা হয়ে রইল।