ই-গভর্নমেন্ট সূচকে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের ২০২৬ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশ। আগের মূল্যায়নের তুলনায় তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ১০০-এর নিচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের ই-গভর্নমেন্ট স্কোরও পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে।
নতুন প্রতিবেদনে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩। ২০২৪ সালের মূল্যায়নে এই স্কোর ছিল তুলনামূলক কম এবং বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এবার তিন ধাপ এগিয়ে ৯৭তম হওয়ায় ডিজিটাল সরকারি সেবা ও অবকাঠামোগত উন্নয়নে দেশের অগ্রগতির বিষয়টি আন্তর্জাতিকভাবে সামনে এসেছে। উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেও নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের মূল্যায়নে দুটি গুরুত্বপূর্ণ উপসূচকে ভালো ফল করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) দেশের স্কোর হয়েছে ০.৮১। অন্যদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর দাঁড়িয়েছে ০.৬৯। এসব সূচক সরকারি সেবার ডিজিটাল সুবিধা এবং যোগাযোগ অবকাঠামোর সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে ২০২৬’-এ বাংলাদেশের এই অবস্থানের তথ্য তুলে ধরা হয়েছে। এবারের বৈশ্বিক তালিকায় প্রথম স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সেবায় প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল সক্ষমতার তুলনামূলক চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে।
ইজিডিআই মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়। এগুলো হলো অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স। অর্থাৎ সরকারি সেবা কতটা অনলাইনে পাওয়া যায়, ইন্টারনেট ও টেলিযোগাযোগ অবকাঠামো কতটা উন্নত এবং জনগণের শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা কেমন- এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি দেশের স্কোর নির্ধারণ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্বে গড় ইজিডিআই স্কোর বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬৭৫। ২০২৪ সালে এই গড় স্কোর ছিল ০.৬৩৮২। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বৈশ্বিক গড় স্কোর বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশের স্কোর ০.৬৮৯৩ হওয়ায় তা আন্তর্জাতিক গড়ের চেয়ে বেশি।
এদিকে বিশ্বজুড়ে ডিজিটাল সরকারি সেবার বিস্তারও অব্যাহত রয়েছে। ২০২৬ সালের মূল্যায়নে ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ উচ্চ অথবা অত্যন্ত উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে স্থান পেয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩৮। ফলে সরকারি কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী আরও বিস্তৃত হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বাংলাদেশের এই অগ্রগতি সরকারি সেবা সহজ করা, অনলাইনভিত্তিক কার্যক্রম বাড়ানো এবং টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে এই অবস্থান ধরে রাখতে হলে ডিজিটাল সেবার মান, সহজলভ্যতা এবং সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন