মহান সশস্ত্র বাহিনী দিবস ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির শুরুতে মুক্তিযুদ্ধে শহিদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শিখা অনির্বাণে যান প্রধানমন্ত্রী। কুর্মিটোলায় অবস্থিত এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পর সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশের বিভিন্ন সামরিক স্থাপনাতেও ধর্মীয় আয়োজন রাখা হয়েছে। সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সাফল্য কামনা করা হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবসের পেছনে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই বছরের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা একযোগে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত সামরিক অভিযান শুরু করেন। তিন বাহিনীর সম্মিলিত অংশগ্রহণের সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর দিবসটি পালন করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন