পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম। নির্বাচিত হলে সড়ক নির্মাণ ও নলকূপ স্থাপনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের প্রায় নয় মাসের মাথায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঈশ্বরখাইন গ্রামের চৌধুরী পাড়া থেকে উত্তর সমুরা পর্যন্ত আলহাজ্ব আবুল বশর চৌধুরী সড়ক নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পের আওতায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সুপেয় পানির নলকূপ স্থাপনের জন্যও পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে সড়ক নির্মাণের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে সড়ক পরিমাপ, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের স্থান নির্ধারণসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় উপজেলার সংশ্লিষ্ট প্রকৌশলীরা সড়কটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নোট করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন নাজিম, বিএনপি নেতা এন আই করিম, মাহমুদউল্লাহ, শাহআলাম ও রহমান, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ আশিক, আবু বক্কর ও সালাউদ্দিন। এছাড়া উত্তর সমুরা এলাকাবাসীর পক্ষে বাবলা মাস্টার ও কাঞ্চন তালুকদারসহ উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালের পর থেকেই সড়কটি অবহেলিত অবস্থায় রয়েছে। সরকার আসে, সরকার যায়; কিন্তু দীর্ঘদিনেও সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। সড়কটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে সড়কটি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। এ উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা এমপি এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।