ইংরেজি সিনেমা বা ভিডিও দেখলে প্রায় সব কথাই বুঝতে পারেন, সংবাদপত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পড়তেও তেমন সমস্যা হয় না। কিন্তু কেউ সরাসরি ইংরেজিতে প্রশ্ন করলেই যেন মাথা থেকে সব শব্দ উধাও হয়ে যায়! সহজ একটি বাক্য বলতেও কয়েকবার ভাবতে হয়, অথচ কিছুক্ষণ পর মনে হয়-কথাটা তো খুব সহজেই বলা যেত।
বাংলাদেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দীর্ঘদিন ইংরেজি পড়ার পরও অসংখ্য মানুষের অভিজ্ঞতা ঠিক এমনই। এর অর্থ এই নয় যে আপনি ইংরেজি জানেন না; বরং ভাষা বোঝা এবং তা মুখে বলার চর্চার মধ্যকার ব্যবধানই এই সমস্যার মূল কারণ।
পরীক্ষাকেন্দ্রিক শেখার ধরন
আমাদের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার মূল লক্ষ্য থাকে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। গ্রামার, রচনা, প্যারাগ্রাফ কিংবা নির্দিষ্ট প্রশ্নের উত্তর মুখস্থ করার মধ্য দিয়েই প্রস্তুতি সীমাবদ্ধ থাকে। কিন্তু বাস্তব কথোপকথনে প্রশ্ন আগে থেকে জানা থাকে না, উত্তর মুখস্থ করার সুযোগও মেলে না। অন্যের কথা শুনে তাৎক্ষণিকভাবে উত্তর তৈরির চর্চা না থাকায় পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরাও কথা বলতে গিয়ে আটকে যান।
মনে মনে অনুবাদ করার অভ্যাস
কথা বলার সময় অনেকেই প্রথমে বাংলায় পুরো বাক্যটি সাজিয়ে নেন, তারপর সেটিকে ইংরেজিতে অনুবাদ করেন। ছোট বাক্যে এটি কোনোমতে চললেও দীর্ঘ আলাপচারিতায় বারবার অনুবাদ করতে গেলে স্বাভাবিক গতি নষ্ট হয়। যেমন-‘আমার একটু দেরি হবে’ বলার আগে মনে মনে অনুবাদ করতে গেলে উত্তর দিতে দেরি হওয়াটাই স্বাভাবিক। নিয়মিত ব্যবহৃত ছোট বাক্যগুলো সরাসরি ইংরেজিতে ভাবার অভ্যাস করলে এই জড়তা ধীরে ধীরে কমে আসে।
বোঝা ও বলার মধ্যকার পার্থক্য
কোনো শব্দ চোখে দেখে তার অর্থ মনে পড়া আর কথা বলার সময় নিজে থেকে সেই শব্দ প্রয়োগ করা এক বিষয় নয়। পড়া বা শোনার সময় আমরা শব্দগুলোকে চিনতে পারি, কিন্তু বলার সময় কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক শব্দ বাছাই করে বাক্য গঠন করতে হয়। তাই নিয়মিত পড়লেও বা শুনলেও মুখে বলার চর্চা না থাকলে বলার দক্ষতা পিছিয়ে থাকে।
ভুল করার ভয় ও কঠিন শব্দের চাপ
অনেকের ক্ষেত্রে মূল বাধা ইংরেজি না জানা নয়, বরং ভুল হয়ে যাওয়ার আতঙ্ক। গ্রামার ঠিক আছে কি না, উচ্চারণ ভুল হচ্ছে কি না কিংবা বন্ধুরা হাসবে কি না-এসব অতিরিক্ত চিন্তায় জানা কথাও মুখ দিয়ে বের হয় না। পাশাপাশি ‘ভালো ইংরেজি বলতে হলে কঠিন শব্দ জানতে হবে’-এমন ভুল ধারণাও অযথা চাপ তৈরি করে। অথচ দৈনন্দিন কথোপকথন সহজ ও পরিচিত শব্দ দিয়েই সাবলীলভাবে চালানো সম্ভব। নতুন ভাষায় ভুল হওয়াটাই স্বাভাবিক; নিখুঁত হওয়ার চেষ্টায় কথা বলা থামিয়ে রাখা উচিত নয়।
চর্চার সুযোগ তৈরি করুন
ইংরেজিতে কথা বলার জন্য সব সময় বিদেশি বন্ধুর প্রয়োজন নেই। নিজের মতো করেই চর্চার সুযোগ তৈরি করা যায়। দিনের কোনো ঘটনা ইংরেজিতে নিজে নিজে বলা, কোনো ভিডিও দেখার পর তার সারমর্ম দুই মিনিট মুখে বলা কিংবা বন্ধুর সঙ্গে নির্দিষ্ট সময় ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। নিজের কথা মোবাইলে রেকর্ড করে শুনলে কোথায় থেমে যাচ্ছেন তা সহজেই ধরা পড়বে। শুরুতে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটই যথেষ্ট-নিয়মিত বলাটাই এখানে আসল।
ইংরেজি বুঝতে পারা মানেই আপনি অনেকটা পথ এগিয়ে গেছেন। এখন শুধু জানা শব্দগুলোকে মুখে নিয়ে আসার পালা। তাই জড়তা দেখে নিজেকে দুর্বল না ভেবে বরং আজ থেকেই প্রতিদিন কয়েক মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা শুরু করুন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন