বিয়ে করবেন, নাকি একা থাকবেন? জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। কেউ ভালোবাসা, মানসিক নিরাপত্তা ও জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ গড়ার আশায় বিয়ে করতে চান। আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতা, নিজের মতো জীবনযাপন এবং বাড়তি দায়িত্ব এড়িয়ে চলাকে বেশি গুরুত্ব দেন। তবে বিয়ে করা কিংবা একা থাকা, কোনোটিই সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। ব্যক্তির চাহিদা, মূল্যবোধ ও জীবনযাপনের ধরন অনুযায়ী সিদ্ধান্তটি ভিন্ন হতে পারে।
বিয়ে মূলত দুজন মানুষের মধ্যে একটি সামাজিক ও বৈধ বন্ধন। এর মাধ্যমে তাঁদের দাম্পত্য সম্পর্ক সামাজিক স্বীকৃতি পায় এবং একসঙ্গে জীবন কাটানোর একটি নতুন অধ্যায় শুরু হয়। শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয়, পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া ও মানসিক সংযোগও একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তবে সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরনে পরিবর্তন এসেছে। বর্তমানে অনেকেই বিয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্পর্ক কিংবা একক জীবন বেছে নিচ্ছেন। মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে-তে প্রকাশিত এক নিবন্ধে বিয়ে করার পক্ষে পাঁচটি এবং বিয়ে না করার পক্ষে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে।
কেন বিয়ে করবেন?
১. ভালোবাসা ও একসঙ্গে থাকার আকাঙ্ক্ষা
বিয়ের অন্যতম প্রধান কারণ ভালোবাসা। পছন্দের মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাটানো, জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার ইচ্ছা থেকেই অনেকে বিয়ের সিদ্ধান্ত নেন। প্রিয় মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে পাশে পাওয়ার আকাঙ্ক্ষাও বিয়ের পেছনে বড় ভূমিকা রাখে।
২. সঙ্গ ও মানসিক নিরাপত্তা
জীবনের কঠিন সময়ে একজন বিশ্বস্ত মানুষ পাশে থাকলে মানসিক শক্তি পাওয়া যায়। বিয়ের মাধ্যমে দুজন মানুষ একে অপরের সহযোগী হয়ে উঠতে পারেন। পারস্পরিক সমর্থন, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা তৈরি করতে পারে।
৩. সন্তান ও পরিবার গঠন
অনেকের স্বপ্ন থাকে নিজের একটি পরিবার গড়ে তোলা এবং সন্তান লালন-পালন করা। বিয়েকে তাঁরা সন্তানদের বেড়ে ওঠার জন্য একটি স্থিতিশীল পারিবারিক পরিবেশ তৈরির মাধ্যম হিসেবে দেখেন। পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করাও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
৪. সামাজিক ও পারিবারিক স্বীকৃতি
বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বিয়েকে জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচনা করা হয়। পরিবার ও আত্মীয়স্বজনের স্বীকৃতি এবং সামাজিকভাবে সম্পর্কের গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষা থেকেও অনেকে বিয়েতে আগ্রহী হন।
৫. ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস
অনেকের কাছে বিয়ে ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় দায়িত্ব পালন, পারিবারিক মূল্যবোধ বজায় রাখা এবং আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন পরিচালনার জন্য তাঁরা বিয়েকে বেছে নেন।
কেন একা থাকবেন?
১. ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা
বিয়ের পর দুজন মানুষের মধ্যে সময়, দায়িত্ব ও সিদ্ধান্ত ভাগ করে নেওয়ার প্রয়োজন হয়। নিজের পছন্দ অনুযায়ী জীবন পরিচালনায় কিছু সমন্বয়ও করতে হয়। যাঁরা ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন, তাঁদের কাছে একা থাকা স্বস্তিদায়ক হতে পারে।
২. পছন্দ ও মানসিকতার অমিল
একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য দুজনের মূল্যবোধ, আগ্রহ ও জীবনলক্ষ্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। এসব বিষয়ে বড় ধরনের পার্থক্য থাকলে সম্পর্ক পরিচালনা কঠিন হতে পারে। তাই উপযুক্ত সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কিংবা একা থাকার সিদ্ধান্ত নিতে পারেন কেউ কেউ।
৩. সম্পর্কের বিদ্যমান সমস্যা
সম্পর্কে অবিশ্বাস, যোগাযোগের ঘাটতি কিংবা বোঝাপড়ার অভাব থাকলে বিয়ে করলেই সমস্যার সমাধান হয় না। বরং বিয়ের পর দায়িত্ব ও প্রত্যাশা বেড়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান না করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
৪. সামাজিক চাপ থেকে মুক্ত থাকা
পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে বিয়ের জন্য অনেকেই চাপ অনুভব করেন। কিন্তু নিজের ইচ্ছা বা মানসিক প্রস্তুতি না থাকলে শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করতে বিয়ে করা ঠিক নয়। নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে একা থাকাও একটি গ্রহণযোগ্য পছন্দ।
৫. আর্থিক বিবেচনা
বিয়ে, নতুন সংসার গঠন এবং ভবিষ্যৎ পারিবারিক দায়িত্বের সঙ্গে বাড়তি খরচ যুক্ত হতে পারে। যাঁরা আর্থিক স্বাধীনতা বজায় রাখতে চান কিংবা বর্তমান জীবনযাপন নিয়ে সন্তুষ্ট, তাঁদের কাছে বিয়ে না করার সিদ্ধান্ত যুক্তিসংগত মনে হতে পারে।
সিদ্ধান্ত নিজের, সম্মানও সবার প্রাপ্য
বিয়ে করা কিংবা একা থাকা, দুটিই ব্যক্তিগত সিদ্ধান্ত। জীবনের সুখ ও পরিপূর্ণতা শুধু বৈবাহিক অবস্থার ওপর নির্ভর করে না। নিজের চাহিদা, মানসিক প্রস্তুতি, মূল্যবোধ ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। একইভাবে কেউ বিয়ে করেছেন কিংবা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর পছন্দকেও সম্মান করা প্রয়োজন। শেষ পর্যন্ত নিজের জন্য উপযুক্ত জীবন বেছে নেওয়া এবং অন্যের সিদ্ধান্তকে মর্যাদা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন