নতুন বছর মানেই নতুন জায়গা আবিষ্কার ও ভ্রমণের পরিকল্পনা। কেউ পাহাড়-সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, কেউ আবার ইতিহাস, সংস্কৃতি ও ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে পছন্দ করেন। ২০২৭ সালে ভ্রমণপ্রেমীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আকর্ষণীয় কিছু গন্তব্য। সম্প্রতি বিবিসি ট্রাভেলের প্রকাশিত ২০২৭ সালের ২০টি সেরা ভ্রমণ গন্তব্যের তালিকায় উঠে এসেছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল।
মাদাগাস্কার ও সেন্ট হেলেনা
আফ্রিকার পূর্ব উপকূলের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। বিরল প্রাণী, বাওবাব গাছ ও বনাঞ্চল প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করবে। অন্যদিকে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা আগ্নেয়গিরির পাহাড়, নিরিবিলি পরিবেশ ও ঐতিহাসিক জেমসটাউন শহরের জন্য পরিচিত।
কানাডা ও যুক্তরাষ্ট্র
কানাডার কুইবেক সিটির পুরোনো স্থাপনা, ফরাসি ঐতিহ্য ও পাথুরে রাস্তা পর্যটকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে। দেশটির আলবার্টা প্রদেশের জ্যাসপার ন্যাশনাল পার্কও পাহাড়, হ্রদ ও হিমবাহের জন্য আকর্ষণীয়। যুক্তরাষ্ট্রের ওকেফেনোকি জলাভূমিতে নৌভ্রমণ ও বন্য প্রাণী দেখার সুযোগ রয়েছে।
জাপান ও দক্ষিণ কোরিয়া
জাপানের ইসে-শিমা উপদ্বীপে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ওকিহিকি উৎসব। প্রায় ২০ বছর পরপর আয়োজিত এই অনুষ্ঠানে মন্দির পুনর্নির্মাণের জন্য বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে নেওয়া হয়। এ ছাড়া নাগাতো ইউমোতো ওনসেনের ৬০০ বছর পূর্তিও দেশটির অন্যতম আকর্ষণ। দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ পাহাড়, বন, বৌদ্ধ মন্দির ও সমুদ্র উপকূলের জন্য পরিচিত।
ভারত ও ঘানা
ভারতের মেঘালয় রাজ্যের জীবন্ত শিকড়ের সেতু, ঝরনা ও সবুজ পাহাড় পর্যটকদের মুগ্ধ করবে। স্থানীয় পরিবারের সঙ্গে হোমস্টেতে থাকার সুযোগও রয়েছে। অন্যদিকে ঘানার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে বিশেষ গুরুত্ব পাচ্ছে দেশটির ইতিহাস ও সংস্কৃতি। কেপ কোস্ট ও এলমিনা দুর্গ এবং কাকুম ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।
ব্রাজিল ও ফ্রান্স
২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। দেশটির সালভাদর শহরে আফ্রিকান ঐতিহ্য, সংগীত, খাবার ও ঐতিহাসিক পেলোরিনিয়ো এলাকা পর্যটকদের আকর্ষণ করবে। অন্যদিকে ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল আঙুরের বাগান, ঐতিহাসিক গ্রাম ও খাবারের জন্য বিখ্যাত। ২০২৭ সালে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষেও সেখানে বিশেষ আয়োজন রয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি রেইনফরেস্ট পৃথিবীর প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলগুলোর একটি। এখানে বিরল প্রাণী ও আদিবাসী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর আধুনিক স্থাপনা, নদীতীর ও সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণীয়।
ইউরোপের আরও কয়েকটি গন্তব্য
স্লোভেনিয়ার বোহিনজ অঞ্চল পাহাড়, হ্রদ ও সাইকেল চালানোর পথের জন্য পরিচিত। স্কটল্যান্ডের আনস্ট দ্বীপে রয়েছে ভাইকিং ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য। ইতালির সার্ডিনিয়া দ্বীপের সমুদ্রসৈকত ও প্রাচীন স্থাপনা এবং রোমানিয়ার হারগিতা কাউন্টির পাহাড়ি পরিবেশ ও ঐতিহ্যবাহী খাবারও পর্যটকদের আকর্ষণ করবে।
এ ছাড়া পেরুর কর্দিয়েরা ব্লাঙ্কা বরফঢাকা পাহাড় ও হিমবাহের জন্য এবং কাজাখস্তানের আলমাতি পাহাড়ি সৌন্দর্য ও আধুনিক সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এ তালিকায় জাপানের নাগাতো ইউমোতো ওনসেনও রয়েছে।
নতুন বছরে ভ্রমণের পরিকল্পনা করার আগে গন্তব্যের আবহাওয়া, ভিসা, যাতায়াত ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া জরুরি। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি সম্মান রেখে ভ্রমণ করলে নতুন জায়গা আবিষ্কারের অভিজ্ঞতা হয়ে উঠবে আরও আনন্দদায়ক।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন