খাবার খাওয়ানো, কান্না থামানো কিংবা ঘুম পাড়ানো—অনেক কাজেই এখন শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেন অভিভাবকেরা। কিন্তু অল্প সময়ের জন্য ফোন ব্যবহারের অভ্যাস কখন যে ঘণ্টার পর ঘণ্টা রিল বা শর্ট ভিডিও দেখায় পরিণত হচ্ছে, তা অনেকেই বুঝতে পারছেন না। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুর ঘুম, পড়াশোনা, মনোযোগ ও দৈনন্দিন আচরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন এবং সচেতন অভিভাবকত্বের মাধ্যমে শিশুর রিল দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব।

শিশুর ফোনে যে ৫টি সেটিংস পরিবর্তন করবেন

১. ইউটিউব কিডস ব্যবহার করুন

শিশুদের জন্য সাধারণ ইউটিউবের পরিবর্তে ইউটিউব কিডস ব্যবহার করতে পারেন। এতে বয়স অনুযায়ী কনটেন্ট বাছাই এবং অভিভাবকের নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। প্রয়োজনে সার্চ অপশন বন্ধ করে নির্দিষ্ট ভিডিও বা চ্যানেল দেখার ব্যবস্থা করতে পারবেন। এতে শিশুদের অনুপযুক্ত কনটেন্ট দেখার ঝুঁকি কমানো যায়।

২. অটো-প্লে অপশন বন্ধ রাখুন

ইউটিউবে একটি ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ভিডিও চালু হওয়ার সুবিধা রয়েছে। এই অপশন চালু থাকলে শিশুরা একটির পর একটি ভিডিও দেখতে থাকে। তাই ইউটিউবের সেটিংস থেকে অটো-প্লে বন্ধ করে দিন। এতে ভিডিও দেখার ধারাবাহিকতা কমানো সহজ হবে।

৩. রেস্ট্রিকটেড মোড চালু করুন

ইউটিউবের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে রেস্ট্রিকটেড মোড চালু করতে পারেন। এই সুবিধা কিছু অনুপযুক্ত বা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট ফিল্টার করতে সাহায্য করে। তবে এটি শতভাগ নিরাপদ কনটেন্ট নিশ্চিত করে না। তাই শিশু কী দেখছে, সেদিকেও অভিভাবকদের নজর রাখা প্রয়োজন।

৪. স্ক্রিন টাইম নির্ধারণ করুন

অ্যান্ড্রয়েড ফোনে ডিজিটাল ওয়েলবিইং ও প্যারেন্টাল কন্ট্রোল অপশন থেকে নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময়সীমা ঠিক করা যায়। আইফোনে স্ক্রিন টাইমের অ্যাপ লিমিট সুবিধা ব্যবহার করা সম্ভব। শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করুন। সময় শেষ হলে অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হবে।

৫. শর্টস দেখার সময় সীমিত করুন

ইউটিউবের টাইম ম্যানেজমেন্ট সেটিংসে শর্টস ফিড লিমিট সুবিধা পাওয়া যেতে পারে। অ্যাপের সংস্করণ ও অ্যাকাউন্টভেদে এই সুবিধার ব্যবহার ভিন্ন হতে পারে। পাশাপাশি গুগল ফ্যামিলি লিংক ব্যবহার করে অভিভাবকেরা শিশুর অ্যাপ ব্যবহার ও স্ক্রিন টাইম পর্যবেক্ষণ করতে পারেন।

হঠাৎ ফোন কেড়ে না নিয়ে বদলান অভ্যাস

শিশুর দীর্ঘদিনের ফোন দেখার অভ্যাস একদিনে বন্ধ করতে গেলে কান্না, রাগ ও জেদ বাড়তে পারে। তাই ধীরে ধীরে স্ক্রিন টাইম কমানো ভালো। প্রতিদিনের ব্যবহারের সময় পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সীমা নির্ধারণ করুন। একই সঙ্গে শিশুকে বোঝান, কেন অতিরিক্ত ফোন দেখা ভালো নয়।

শুধু ফোন ব্যবহার বন্ধ করলেই হবে না, এর বিকল্প আনন্দের ব্যবস্থাও করতে হবে। ছবি আঁকা, গল্পের বই পড়া, খেলাধুলা, বুদ্ধির খেলা কিংবা পার্কে ঘুরতে যাওয়ার অভ্যাস তৈরি করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়ালে শিশুর মনোযোগ ফোন থেকে অন্যদিকে সরানো সহজ হতে পারে।

খাওয়া ও ঘুমের সময় রাখুন ফোনমুক্ত

শিশুর খাবার খাওয়ার সময় কিংবা ঘুমানোর আগে ফোন দেওয়ার অভ্যাস বন্ধ করুন। এ ক্ষেত্রে পরিবারের বড়দেরও সচেতন হতে হবে। কারণ শিশুরা বড়দের আচরণ অনুকরণ করে। তাই খাওয়া ও ঘুমের সময় পরিবারের সবার জন্য ফোনমুক্ত পরিবেশ তৈরি করুন।

শিশু ফোন না পেলে অতিরিক্ত রাগ করলে, নিজেকে আঘাত করার চেষ্টা করলে, ঘুমের সমস্যা দেখা দিলে কিংবা স্বাভাবিক আচরণে বড় ধরনের পরিবর্তন এলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজন হলে শিশু মনোবিশেষজ্ঞের সহায়তাও নিতে পারেন।

মনে রাখতে হবে, শিশুর হাত থেকে ফোন কেড়ে নেওয়াই একমাত্র সমাধান নয়। বরং তাকে পর্যাপ্ত সময় দেওয়া, খেলাধুলার সুযোগ তৈরি করা এবং পরিবারের সঙ্গে আনন্দময় পরিবেশ গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।