নারীদের জীবনের স্বাভাবিক একটি শারীরিক পরিবর্তন মেনোপজ বা রজোনিবৃত্তি। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এই পরিবর্তন দেখা যায়। তবে মেনোপজের পর অনেক নারী অতিরিক্ত উদ্বেগ, দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ ও ঘুমের সমস্যায় ভোগেন। হরমোনের পরিবর্তনের পাশাপাশি শারীরিক অস্বস্তি ও পারিবারিক চাপও এসব সমস্যার কারণ হতে পারে। তাই এ সময়ে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি।
মেনোপজ নারীদের জীবনের একটি স্বাভাবিক অধ্যায়। এ সময় ডিম্বাশয়ের কার্যক্রম ধীরে ধীরে কমে আসে এবং শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পায়। এর প্রভাব পড়ে মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক উপাদানের ওপর। ফলে অনেক নারী অল্পতেই উদ্বিগ্ন হয়ে পড়েন। কখনো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মন খারাপ বা অস্থিরতা দেখা দিতে পারে।
হরমোনের পরিবর্তনে বাড়ে উদ্বেগ
মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় মস্তিষ্কের সেরোটোনিনের কার্যক্রম প্রভাবিত হতে পারে। সেরোটোনিন মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে কারও কারও মধ্যে অস্থিরতা, ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা ও খিটখিটে মেজাজ দেখা দেয়। আগে মানসিক উদ্বেগের সমস্যা থাকলে এ সময় তা আরও বাড়তে পারে।
ঘুমের সমস্যা ও শারীরিক অস্বস্তি
মেনোপজের অন্যতম পরিচিত সমস্যা হলো হট ফ্ল্যাশ। এ সময় হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া এবং অতিরিক্ত ঘাম হওয়ার কারণে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। নিয়মিত ঘুম পূর্ণ না হলে দিনের বেলায় ক্লান্তি, বিরক্তি ও মানসিক চাপ বাড়তে পারে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে উদ্বেগের সমস্যাও তীব্র হতে পারে।
পারিবারিক ও সামাজিক চাপ
মধ্যবয়সে নারীদের জীবনে নানা ধরনের পরিবর্তন আসে। সন্তানদের বড় হয়ে দূরে চলে যাওয়া, কর্মজীবনের পরিবর্তন কিংবা পারিবারিক দায়িত্বের চাপ অনেকের মধ্যে একাকিত্ব তৈরি করে। পাশাপাশি বয়স বাড়া, শারীরিক গঠনের পরিবর্তন ও ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাও মানসিক অস্থিরতা বাড়াতে পারে।
উদ্বেগ কমাতে যা করবেন
মেনোপজের সময় মানসিকভাবে ভালো থাকতে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারেন। এসব অভ্যাস মন শান্ত রাখতে এবং মানসিক চাপ সামলাতে সহায়তা করে।
খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, প্রোটিন ও পুষ্টিকর খাবার রাখুন। অতিরিক্ত চিনি ও ক্যাফেইন গ্রহণ কমিয়ে দিন। পাশাপাশি নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীর ভালো থাকার পাশাপাশি ঘুমের মানও উন্নত হতে পারে।
নিজের পছন্দের কাজের জন্য প্রতিদিন কিছুটা সময় রাখুন। বই পড়া, বাগান করা, গান শোনা কিংবা কাছের মানুষের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দিতে পারে। নিজেকে একা না রেখে সামাজিক যোগাযোগ বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
পরিবারের সহযোগিতা জরুরি
মেনোপজের সময় নারীদের মানসিক পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়। পরিবারের সদস্যদের উচিত ধৈর্য ধরে তাঁদের কথা শোনা এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া। মেজাজের পরিবর্তন নিয়ে সমালোচনা না করে সহানুভূতিশীল আচরণ করতে হবে। শারীরিক ক্লান্তির সময় ঘরের কাজে সহযোগিতা করলে তাঁরা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন।
তবে উদ্বেগ, বিষণ্নতা, অনিদ্রা বা শারীরিক অস্বস্তি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে। মনে রাখতে হবে, মেনোপজ কোনো রোগ নয়; এটি নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তন। সঠিক যত্ন, পরিবারের সহযোগিতা ও প্রয়োজনীয় চিকিৎসায় এ সময়ও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন