হলিউড অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। এমন খবরে স্বাভাবিকভাবেই অনেকের মনে কৌতূহল জাগে-একজন পুরুষ আসলে কত বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেন? নারীদের মতো কি পুরুষেরও প্রজনন বা যৌনজীবন থেমে যাওয়ার কোনো নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে নারীদের সঙ্গে পুরুষদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বড় পার্থক্য আছে। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে নারীদের মেনোপজ হয়। এ সময় ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়, ফলে রজঃস্রাব ও প্রজননক্ষমতার ইতি ঘটে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিষয়টি এতটা হঠাৎ বা নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়। পুরুষদের শরীরে হরমোন কমে যাওয়ার এই প্রক্রিয়াকে চিকিৎসাবিজ্ঞানে ‘অ্যান্ড্রোপজ’ বলা হয়, যেখানে ধীরে ধীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, মেনোপজের তুলনায় অ্যান্ড্রোপজ অনেক ধীরগতির এবং সবার ক্ষেত্রে একই বয়সে শুরু হয় না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা স্থূলতার মতো সমস্যা থাকলে কারও কারও ৪৫ থেকে ৫০ বছর বয়সেই টেস্টোস্টেরন কমতে শুরু করতে পারে। তবে অধিকাংশ পুরুষের ক্ষেত্রে এটি ৭০ বছরের পর দেখা দেয়। এমনকি ৮০ বছর বয়সেও শরীরে পর্যাপ্ত টেস্টোস্টেরন থাকলে শুক্রাণু উৎপাদন ও বাবা হওয়ার ক্ষমতা টিকে থাকতে পারে। এক্ষেত্রে শারীরিক ফিটনেসই সবচেয়ে বড় ভূমিকা রাখে।

টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ

শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকলে দৈনন্দিন জীবনে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। এর মধ্যে রয়েছে সারাক্ষণ ক্লান্ত বা অবসন্ন বোধ করা, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া বা শুকিয়ে আসা, যৌনইচ্ছা কমে যাওয়া এবং যৌন অক্ষমতা। পাশাপাশি বিষণ্নতা, খিটখিটে মেজাজ কিংবা ঘন ঘন মুড সুইংও হতে পারে।

এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করা উচিত। মাত্রা খুব কম এলে প্রকৃত কারণ নির্ণয়ে বাড়তি পরীক্ষার প্রয়োজন হতে পারে। কারণ, বয়স বা অ্যান্ড্রোপজ ছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রলেকটিন হরমোন বেড়ে যাওয়া কিংবা হাইপোগোনাডিজমের কারণেও এই হরমোন কমে যেতে পারে।

চিকিৎসা ও সম্ভাব্য ঝুঁকি

অ্যান্ড্রোপজের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) নেওয়া যায়, যেখানে টেস্টোস্টেরন ইনজেকশন বা জেল ব্যবহার করা হয়। তবে এই চিকিৎসায় যকৃতের এনজাইম বেড়ে যাওয়া, প্রোস্টেট ক্যানসার কিংবা হৃদরোগের ঝুঁকির মতো পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তাই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এটি কখনোই গ্রহণ করা উচিত নয়।

দীর্ঘদিন সুস্থ ও সক্ষম থাকার উপায়

পুরুষের প্রজননক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে জীবনযাত্রার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরোর্ধ্ব বয়সেও টেস্টোস্টেরনের মাত্রা ও শারীরিক সক্ষমতা ভালো রাখতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি:

১. শরীরের ফিটনেস ধরে রাখতে নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন। ২. সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণে রাখুন। ৩. ডায়াবেটিস থাকলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখুন। ৪. ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল ও যেকোনো নেশাদ্রব্য এড়িয়ে চলুন, কারণ এগুলো দ্রুত অ্যান্ড্রোপজ ডেকে আনে।

এ ছাড়া মানসিক চাপ, বিষণ্নতা, উদ্বেগ বা ঘুমের সমস্যা থাকলে তা অবহেলা না করে মানসিক রোগবিশেষজ্ঞের সহায়তা নিন। এক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়র থেরাপি বা রিলাক্সেশন থেরাপি বেশ কার্যকর হতে পারে। পাশাপাশি কোনো অন্তর্নিহিত রোগ বা নিয়মিত সেবন করা ওষুধের প্রভাবে হরমোন কমছে কি না, তা-ও চিকিৎসকের মাধ্যমে যাচাই করে নেওয়া প্রয়োজন।