নকলা প্রতিনিধিঃ নোমান আহমেদ
শেরপুরের নকলা উপজেলায় ৭৭ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন ক্রেতা। আদালতে দায়ের করা মামলায় নিজেদের পক্ষে রায় পাওয়ার পরও জমি বিক্রি করতে পারছেন না বলে দাবি করেছেন দুলাল, বিল্লাল ও ইয়াসিন। তাঁদের অভিযোগ, প্রতিপক্ষের আবেদনের কারণে জমির নামজারি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, নকলা উপজেলার নারায়ণখোলা চরবসন্তী মৌজায় খতিয়ান নম্বর ৬২৬-এর অন্তর্ভুক্ত জমিটির পরিমাণ ৭৭ শতাংশ। জমিটির দাগ নম্বর ১৯৪১। মূল মালিক হিসেবে তমির শেখ, মুসলিম উদ্দিন, আব্দুর জব্বার ও চান মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
দুলাল, বিল্লাল ও ইয়াসিন দাবি করেন, তাঁরা ছাপ-কাওলা দলিলের মাধ্যমে জমিটি কিনেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, জমির দলিল ও নামজারিও তাঁদের নামে রয়েছে।
দুলালদের অভিযোগ, একই গ্রামের মোখছেদ, শহিদুল ও সফু মিয়া জমিটির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেন জমিটির ক্রেতারা।
তবে তাঁদের অভিযোগ, আদালতের রায়ের পরও প্রতিপক্ষের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে। মোখছেদ গং নকলা ভূমি অফিসে আবেদন করে তাঁদের নামজারি বা খারিজ বাতিলের দাবি জানিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
দুলালদের দাবি, ভূমি অফিসে আবেদন করার পাশাপাশি বিভিন্নভাবে তাঁদের জমি বিক্রিতে বাধা দেওয়া হচ্ছে। এতে জমিটির মালিকানা ও ভোগদখল নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে তাঁরা মনে করছেন।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে জমির কাগজপত্র ও আদালতের রায়ের ভিত্তিতে তাঁদের অধিকার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোখছেদ, শহিদুল ও সফু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন