নকলা প্রতিনিধিঃ নোমান আহমেদ

শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নকলা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বের আলী চৌধুরী টুটুন, আঃ হক চানমিয়া (সাবেক চেয়ারম্যান, ৪নং ইউনিয়ন) এবং মোজাম্মেল হক মোজা (সাবেক চেয়ারম্যান, ৬নং পাঠাকাটা ইউনিয়ন)।

এছাড়াও বক্তব্য দেন শেরপুর জেলা মোটরযান মালিক সমিতির কার্যকরী সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির শরিফুল ইসলাম শরিফ, নকলা উপজেলা এনসিপির আহ্বায়ক বুলবুল, উপজেলা মহিলা বিএনপির আহ্বায়ক আসমা খাতুন, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার আঃ ওয়াদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ্ নাসরিন আক্তার, নকলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকলা উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা
নকলা উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির সভা।

সভায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্তসমূহ:

মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ: এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া বন্ধ এবং বাল্যবিবাহ রোধে কঠোর নজরদারি ও অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অবৈধ গাছকাটা ও নিষিদ্ধ জাল নির্মূল: ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে গাছকাটা প্রতিরোধ এবং জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না বারোদোয়ারী জাল’ নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

নৈরাজ্য ও যানজট নিরসন: নিষিদ্ধ সংগঠনের যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিকশা রেখে যানজট ও ভোগান্তি সৃষ্টি না করার বিষয়ে নির্দেশনা ও মতামত তুলে ধরা হয়।

সবশেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করার আহ্বান জানিয়ে মাননীয় সংসদ সদস্যের বক্তব্যের পর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সভার সমাপ্তি ঘোষণা করেন।