দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পথে আর কোনো আইনি বাধা নেই। ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নিতে পারবে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে গত ১৮ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছিল।
রিটকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাঁদের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের একটি অংশ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন- এমন যুক্তিতে আদালতের দ্বারস্থ হন রিটকারী।
আইনজীবী কামারুন মাহমুদ দীপার দাবি ছিল, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। অথচ পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ফল না জেনেই ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।
তবে আপিল বিভাগের নতুন আদেশের ফলে হাইকোর্টের ওই স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি কার্যক্রম ও পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন