পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে শ্রমভবনে সভাটি হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে নতুন করে সোমবার বৈঠকের সময় নির্ধারণ করা হয়।

বোর্ডের এবারের সভায় মালিকপক্ষের প্রস্তাবের দিকে নজর থাকবে শ্রমিকদের। কারণ, নতুন মজুরি কাঠামো নির্ধারণে দুই পক্ষের প্রস্তাব ও মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। এবার মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরলে মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা আরও এগোতে পারে।

মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। নতুন মজুরি কাঠামো নির্ধারণের দায়িত্ব নিয়ে কাজ করছে এই বোর্ড।

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। অর্থাৎ সে সময় মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।

ঘোষণার পরের মাস থেকে নতুন মজুরি কার্যকর হয়। সেই হিসাবে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হওয়ার কথা। ফলে নতুন মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিক- উভয় পক্ষের আলোচনাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।