দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রমে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। নির্ধারিত সময়জুড়ে কেন্দ্রের উৎপাদনব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
এই পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সমন্বয়ব্যবস্থা যাচাই করা হবে। একই সঙ্গে নিরাপদ ও স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পরীক্ষা করে দেখা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সে সময় প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়েছিল।
প্রথম দফার পরীক্ষার ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে এসব পরীক্ষা সম্পন্ন করার মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ও সরবরাহব্যবস্থা যাচাই করা হচ্ছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন