বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জাপান ও নেদারল্যান্ডসে পাড়ি জমানো শিক্ষার্থীদের জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন পরিবেশ, ভাষা, খাবার, বাসস্থান, যাতায়াত এবং আর্থিক চাপের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে নিতে হচ্ছে তাঁদের। জাপানে খাবার ও যাতায়াতের চ্যালেঞ্জ, অন্যদিকে নেদারল্যান্ডসে বাসা খোঁজা ও খরচ সামলানো সব মিলিয়ে বিদেশের শিক্ষাজীবন তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা ও বাস্তবতার নাম।
জাপানে যাওয়ার আগে অনেকের মতোই একজন শিক্ষার্থীর কল্পনায় ছিল মাউন্ট ফুজির সৌন্দর্য আর সাকুরা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর বাস্তবতা ছিল অনেকটাই আলাদা। জাপানি ভাষা শেখা, পার্টটাইম চাকরি করা, আর্থিক সমস্যা সামলানো এবং নিয়মিত পড়াশোনা সবকিছু একসঙ্গে চালিয়ে নেওয়া সহজ ছিল না।
দেশটিতে গিয়ে প্রথম খাবার হিসেবে তাঁর অভিজ্ঞতা হয় ‘ওনিগিরি’ দিয়ে। এটি মূলত এক মুঠো ভাতের মধ্যে মেয়োনেজ মাখানো সেদ্ধ টুনা মাছ দিয়ে তৈরি জাপানি খাবার। ভাতে-মাছে বাঙালির অভ্যস্ততা থাকায় প্রথমে খাবার নিয়ে খুব বেশি চিন্তা করেননি। তবে জাপানি খাবারে ঝাল ও মসলার অভাব তাঁকে বেশ ভুগিয়েছে।
শুরুতে গরম পানি ছাড়া তেমন কিছু রান্না করতে না পারলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। এক মাসের মধ্যেই শিখে ফেলেন মুরগির মাংস রান্না। রান্নার স্বাদ কেমন হয়েছিল, তা বোঝানো কঠিন হলেও দেশি ঝাল-মসলার স্বাদ তাঁকে অনেকটাই স্বস্তি দিয়েছিল। দূরদেশে নিজের পরিচিত খাবারের স্বাদ পেতে নিজেকেই রান্নার দায়িত্ব নিতে হয়।
জাপানে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো যাতায়াত। পাহাড় ও সমুদ্রবেষ্টিত দেশটির অনেক এলাকার রাস্তাঘাট বেশ উঁচুনিচু। বিশেষ করে পাহাড়ি এলাকায় বাস পাওয়া কঠিন। নিজের গাড়ি না থাকলে অনেক দূর পর্যন্ত হেঁটেই চলাচল করতে হয়। শহরের পরিবেশ বুঝে পরে স্কুটার কিনেছেন তিনি। তবে তার আগে হাঁটাহাঁটি করতে করতেই যেন একটি মাস্টার্স শেষ করে ফেলেছেন।
অন্যদিকে, নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার অভিজ্ঞতা তুলে ধরেছেন আলফি শাহারিয়া হাসান। তিনি ডেল্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাঁর মতে, নতুন দেশে গিয়ে প্রথম দিকে সবকিছুই ভালো লাগলেও ধীরে ধীরে বাস্তব জীবনের নানা দায়িত্ব সামনে আসে। বাসা ভাড়া, বাজার করা, সাইকেল ঠিক রাখা কিংবা সময়মতো ট্রেন ধরা প্রতিটি কাজই নিজের দায়িত্বে সামলাতে হয়।
নেদারল্যান্ডসে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো বাসা পাওয়া। দেশটিতে বাসাভাড়া তুলনামূলক বেশি। পাশাপাশি বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে অর্থ দিয়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও রয়েছে। আলফি আসার তিন-চার মাস আগে থেকেই বাসা খোঁজা শুরু করেছিলেন। সৌভাগ্যক্রমে ডর্মে থাকার জায়গা পাওয়ায় তাঁকে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি।
তবে নেদারল্যান্ডসের কর্মজীবনের একটি ইতিবাচক দিক হলো ওয়ার্ক-লাইফ ব্যালান্স। অনেক প্রতিষ্ঠানে অফিসে কাজের পাশাপাশি বাসা থেকেও কাজ করার সুযোগ রয়েছে। কাজের পাশাপাশি ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়ার বিষয়টি সেখানে বেশ প্রচলিত। শিক্ষার্থীদের জন্যও এই পরিবেশ অনেকটা স্বস্তিদায়ক।
বিদেশে পড়াশোনার পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব মেলানোও বড় চ্যালেঞ্জ। সবকিছু সামলে ভালো থাকার চেষ্টা করতে গিয়ে অনেক সময় নিজের জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়ে। তবে নতুন পরিবেশে নিজের সঙ্গে সময় কাটাতে শেখা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যেই বিদেশের জীবনের আনন্দ খুঁজে পাচ্ছেন তাঁরা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন