শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা, ত্বকে বেগুনি দাগ কিংবা হাত-পায়ে ব্যথা দেখা দিলে অনেকেই বিষয়টি সাধারণ সমস্যা মনে করেন। তবে এসব উপসর্গ কখনো কখনো রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসার (Polyarteritis Nodosa) লক্ষণ হতে পারে। এটি এমন একটি রোগ, যেখানে শরীরের বিভিন্ন অঙ্গের রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা না হলে কিডনি, ত্বক, স্নায়ুতন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
পলিআর্টেরাইটিস নোডোসা একটি বিরল ধরনের রক্তনালির প্রদাহজনিত রোগ। এতে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহকারী রক্তনালির দেয়ালে প্রদাহ দেখা দেয়। ফলে আক্রান্ত স্থানে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হতে পারে। শিশুদের ক্ষেত্রে রোগটি দ্রুত শনাক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ দেরি হলে বিভিন্ন অঙ্গের জটিলতা তৈরি হতে পারে।
কেন হয় এই রোগ
পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, তার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারণা, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া এ রোগের পেছনে ভূমিকা রাখতে পারে। কিছু ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণের সঙ্গে রোগটির সম্পর্ক পাওয়া গেছে। তবে সব রোগীর ক্ষেত্রে এই সংক্রমণ থাকে না।
এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। অর্থাৎ আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে অন্য শিশুর শরীরে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। রোগটির নির্দিষ্ট কারণ জানা না থাকায় লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
যেসব লক্ষণে সতর্ক হবেন
শিশুদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ অনেক সময় অস্পষ্টভাবে শুরু হয়। দীর্ঘদিন জ্বর থাকা, শরীর দুর্বল লাগা, মাংসপেশি ও গিরায় ব্যথা হতে পারে। পাশাপাশি ত্বকে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। বিশেষ করে ত্বকে জালের মতো বেগুনি বা লালচে দাগ, গুটি কিংবা ক্ষত তৈরি হতে পারে।
কখনো হাত-পায়ের আঙুলে রক্ত সরবরাহ কমে গিয়ে কালচে ক্ষত দেখা দেয়। গুরুতর অবস্থায় আক্রান্ত আঙুলের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে এবং আঙুল খসে পড়ার মতো জটিলতাও তৈরি হতে পারে। এ ছাড়া শিশুর পেটে ব্যথা হতে পারে।
রোগটি কিডনিতে প্রভাব ফেললে উচ্চ রক্তচাপ, প্রস্রাবে প্রোটিন ও রক্ত দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতাও ব্যাহত হয়। আবার স্নায়ুতন্ত্র আক্রান্ত হলে হাত-পা দুর্বল হয়ে যাওয়া, অবশ ভাব এবং পায়ের পাতা ওপরে তুলতে অসুবিধা হতে পারে।
তবে এসব লক্ষণের যেকোনো একটি দেখা দিলেই পলিআর্টেরাইটিস নোডোসা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। একই ধরনের উপসর্গ অন্য রোগের কারণেও হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
রোগ নির্ণয় ও চিকিৎসা
পলিআর্টেরাইটিস নোডোসা শনাক্ত করতে শিশুর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষার প্রয়োজন হয়। চিকিৎসক সাধারণত রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা, ইএসআর ও সিআরপি পরীক্ষা এবং কিডনি ও লিভারের কার্যকারিতা যাচাই করেন।
প্রয়োজন অনুযায়ী ত্বকের আক্রান্ত স্থান থেকে বায়োপসি করা হতে পারে। এ ছাড়া রক্তনালির অবস্থা বুঝতে এনজিওগ্রাফির মতো ইমেজিং পরীক্ষা করা হয়। রোগের লক্ষণ অনুযায়ী স্নায়ু, ত্বক ও কিডনির অতিরিক্ত পরীক্ষাও প্রয়োজন হতে পারে।
সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা গেলে প্রদাহ নিয়ন্ত্রণ এবং অঙ্গের জটিলতা কমানো সম্ভব। তাই শিশুর দীর্ঘস্থায়ী জ্বর, অস্বাভাবিক ত্বকের দাগ কিংবা হাত-পায়ে দুর্বলতা দেখা দিলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
অধ্যাপক ডা. ইমনুল ইসলাম
শিশু বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন