নিজের অভিনয় কিংবা ব্যক্তিত্ব নিয়ে সমালোচনা মেনে নিতে প্রস্তুত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করলে আর নীরব থাকবেন না তিনি। প্রয়োজনে প্রতিবাদে সোচ্চার হবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং এবং পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন রাশমিকা। অনুষ্ঠানে তাঁদের ব্যক্তিগত কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। একপর্যায়ে ট্রলিংয়ের শিকার হন এই তারকা দম্পতি। বিষয়টি নিয়ে পুলিশের কাছেও অভিযোগ করেন তাঁরা।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন রাশমিকা। তিনি জানান, আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন। কিন্তু এখন আর সেসব মন্তব্যের প্রতিক্রিয়া দেখাতে চান না। তাঁর মতে, এ ধরনের বিতর্কে জড়ানো সময়ের অপচয়।
রাশমিকা বলেন, একটা সময় পর্যন্ত তিনি নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন। পরে বুঝতে পেরেছেন, এতে কোনো লাভ হয় না। তাই এখন নীরব থাকাকেই বেশি গুরুত্ব দেন। মাঝেমধ্যে উত্তর দেওয়ার ইচ্ছা হলেও নিজেকে সামলে নেন।
পরিবারকে নিয়ে মন্তব্য সহ্য করবেন না রাশমিকা
অভিনেত্রীর ভাষ্য, তাঁর ব্যক্তিত্ব, সিনেমা কিংবা অভিনয় নিয়ে সমালোচনা হলে তা মেনে নিতে আপত্তি নেই। একজন অভিনয়শিল্পী হিসেবে সমালোচনাকে পেশার অংশ বলেই মনে করেন তিনি। মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকেও সম্মান করেন।
তবে পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করলে বিষয়টি আর সহজভাবে নেবেন না রাশমিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, কেউ তাঁর পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য করলে তিনি তা পছন্দ করেন না। তখন প্রয়োজনে নিজের আসন্ন সিনেমা ‘মাইসা’র চরিত্রের মতো যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হবেন।
কেন পরিবারের বিষয়ে এতটা স্পর্শকাতর, সেই ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর পরিবারের সদস্যরা কেউই বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তাঁরা জনপরিচিত মানুষ নন কিংবা নিজেরা এই পেশা বেছে নেননি। তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা বা ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার কারও নেই বলে মনে করেন তিনি।
যে কারণে বিতর্কে জড়ান রাশমিকা-বিজয়
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে কথোপকথনের সময় নিজেদের সম্পর্কের নানা ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরেন রাশমিকা ও বিজয়। সেখানে রাশমিকা জানান, একসময় তিনি প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিতেন। এমনকি টানা এক বছর তাঁকে বিয়ের কথা বলেছিলেন।
তাঁদের এই খোলামেলা কথাবার্তা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রশংসা করেন, আবার কেউ বিজয়ের আচরণ ও সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে বিজয়ের কিছু মন্তব্য ঘিরে তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও মন্তব্য করেন অনেকে।
সব মিলিয়ে অনুষ্ঠানটির পর তৈরি হওয়া বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন রাশমিকা। ব্যক্তিগত সমালোচনায় নীরব থাকলেও পরিবারের সম্মান ও গোপনীয়তার প্রশ্নে যে আপস করবেন না, সাক্ষাৎকারে সেটিই স্পষ্ট করেছেন অভিনেত্রী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন