বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়টির ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। নতুন বিজ্ঞপ্তিতে ন্যূনতম জিপিএ শর্ত অপরিবর্তিত থাকলেও চারটি বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে। পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে but.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা দিতে হবে।
আবেদনের যোগ্যতায় যেসব শর্ত
২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় জিপিএর ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট অর্জন করতে হবে। এই চারটি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট থাকা বাধ্যতামূলক।
গত শিক্ষাবর্ষে চারটি বিষয়ে সম্মিলিতভাবে ন্যূনতম ১৭ দশমিক ৫০ গ্রেড পয়েন্ট প্রয়োজন ছিল। এবার তা কমিয়ে ১৬ দশমিক ৫০ করা হয়েছে। তবে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ এবং প্রতিটি বিষয়ে আলাদা গ্রেড পয়েন্টের শর্ত আগের মতোই রাখা হয়েছে। ফলে নির্ধারিত জিপিএ পূরণ করলেও কোনো একটি বিষয়ে ৩ দশমিক ৫০-এর কম পেলে আবেদন করা যাবে না।
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য সুযোগ
এবারের ভর্তি বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য দিক হলো, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে পারলে শিক্ষার্থীরা বুটেক্সে ভর্তির আবেদন করতে পারবেন। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশিত হলে তাঁদের জন্যও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পথ খোলা থাকছে।
১১ বিভাগে ৬৩০ আসন
1. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং - ৮০টি আসন।
2. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং - ৮০টি আসন।
3. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং - ৮০টি আসন।
4. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং - ৮০টি আসন।
5. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট - ৮০টি আসন।
6. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন - ৪০টি আসন।
7. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং - ৪০টি আসন।
8. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স - ৪০টি আসন।
9. ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং - ৪০টি আসন।
10. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং - ৪০টি আসন।
11. টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং - ৩০টি আসন।
বুটেক্সে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু - ১ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ - ১০ জানুয়ারি ২০২৭, রাত ১১টা ৫৯ মিনিট।
যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ - ১৫ জানুয়ারি ২০২৭।
প্রবেশপত্র ডাউনলোড - ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৭।
ভর্তি পরীক্ষা - ২৯ জানুয়ারি ২০২৭, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
ফল প্রকাশের সম্ভাব্য তারিখ - ১৫ ফেব্রুয়ারি ২০২৭।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
গণিত - ৬০ নম্বর।
পদার্থবিজ্ঞান - ৬০ নম্বর।
রসায়ন - ৬০ নম্বর।
ইংরেজি - ২০ নম্বর।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া এবং অন্যান্য শর্ত জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে বুটেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করতে হবে টেলিটক ভর্তি পোর্টালে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন