পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পৌরসদরের ক্লাব রোডে অবস্থিত জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৯ জুন ‘যুব গোষ্ঠী ভবন ও ব্যায়ামাগার’ নামে পটিয়া জিমনেশিয়াম ভবনের উদ্বোধন করেন এবং এর জন্য স্থায়ী জায়গা প্রদান করেন। দীর্ঘদিন জিমনেশিয়ামের জায়গা বেহাত থাকলেও সম্প্রতি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় ৯ শতক জায়গা উদ্ধার করা হয়।

সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আবু তাহের, সাবেক ফুটবলার আবুল কাশেম, ফুটবল কোচ নাছির উদ্দীন, ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাহজাহান চৌধুরী, ফুটবল কোচ আবুল কালাম বাবুল, মফিজুর রহমান, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, আবদুল সালাম, আল রায়হান সোহেল, আজিজুল হক, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, জসিম মল্ল, মো. নাজিম, মো. আলমগীর, জুয়েল প্রমুখ।
এ সময় এনামুল হক এনাম এমপি বলেন, জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ জিমনেশিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী এ জিমনেসিয়াম পরিদর্শনে আসেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, দীর্ঘদিন জিমনেশিয়ামের জায়গা বেহাত ছিল। উপজেলা ক্রীড়া সংস্থার আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৯ শতক জায়গা উদ্ধার করার পর সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন