দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সামছুল হক সরকার (৬৭)। তিনি বৈকুণ্ঠপুর গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে। অপরজন আলোকডিহি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন (৫৮)। তিনি আলোকডিহি সরকারপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানায় দায়ের করা ২২ নম্বর মামলায় (জিআর নং-১৬১, তারিখ: ২০ জুন ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ১০ ও ১৩ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি এবং নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।