চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।

জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ ২নং ওয়ার্ডের গাউছিয়া ফার্মের পূর্ব পাশে লিটনের মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় একটি চক্র স্কেভেটর দিয়ে নির্বিচারে পাহাড় কেটে আসছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে ১০ থেকে ১২টি ড্রাম ট্রাক দিয়ে কেটে নেওয়া পাহাড়ের মাটি নাছির মোহাম্মদ পাড়া সহ বিভিন্ন এলাকায় ভরাট কাজে সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, এসব মাটির একটি অংশ বিভিন্ন ইটভাটায়ও যাচ্ছে।

এভাবে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবৈধ পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।