চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে গাছবাড়িয়া মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন বুলার তালুক রাস্তার মাথায় এ অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আবদুছ ছবুর, বিএনপি নেতা ইদ্রিস মেম্বার, বদন মেম্বার, মো. আবু তাহের, আবু জাফর, এয়াকুব নবী সুমন, মো. শওকত কামাল, বদিউল আলম, মো. ইকবাল হোসেন, মো. নাজিম উদ্দীন, মো. হাসান, আবদুল হাকিম, জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে কোথাও কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা মাঠে সজাগ রয়েছেন।