পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি কুলিং কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে পটিয়া সদরের ছন্দা সড়কস্থ সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ‘আল মারুয়া কুলিং কর্নার’-এ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পটিয়ার আল মারুয়া কুলিং কর্নারে আগুন
পটিয়ার আল মারুয়া কুলিং কর্নারে আগুন এবং বাইরে দাঁড়িয়ে দেখছেন স্থানীয়রা

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ ওই কুলিং কর্নারে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে এবং অধিকাংশ মালামাল পুড়ে যায়।

বিস্ফোরণের তীব্রতা ও আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পটিয়া নিউরন হাসপাতালে ভর্তি করেন।

​পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেজ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুলিং কর্নারে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে জানানো হবে।