পাকিস্তানের বিনোদনজগতের জন্য নতুন এক মাইলফলক হতে যাচ্ছে। দেশটির প্রথম অরিজিনাল সিরিজ মুক্তি দিতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ নামের রোমান্টিক ড্রামা সিরিজটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা ফাওয়াদ খান ও মাহিরা খান।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এতে আরও অভিনয় করেছেন সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, নাদিয়া জামিল, ওমাইর রানা ও সামিনা আহমেদ।
সিরিজটির নির্মাতা ও প্রযোজক মোমিনা দুরাইদ। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। ২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল।
কী থাকছে সিরিজের গল্পে?
সিরিজটির গল্পের কেন্দ্রীয় চরিত্র সিকান্দার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী একটি বেদনাদায়ক ঘটনার পর নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয়। একসময় ইতালিতে তার পরিচয় হয় লিজার সঙ্গে। লিজা একজন প্রতিভাবান শিল্পী। তবে তার নিজের জীবনেও রয়েছে নানা জটিলতা।
সিকান্দার ও লিজার পরিচয়ের মধ্য দিয়ে গল্পের নতুন অধ্যায় শুরু হয়। তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। আন্তর্জাতিকভাবে এটি ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামেও পরিচিত।
জনপ্রিয় উপন্যাস থেকে সিরিজ
ফারহাত ইশতিয়াকের লেখা উপন্যাসটি প্রথম ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয় এটি।
এর আগে লেখকের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হামসাফার’, ‘বিন রোয়ে’ ও ‘ইয়াকিন কা সফর’-এর মতো নাটক ও চলচ্চিত্র দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে নতুন সিরিজটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যে শুটিং
সিরিজটির শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে মাহিরা খান জানিয়েছিলেন, কাজটি তাঁর জন্য বেশ আবেগপূর্ণ ও কঠিন ছিল।
সিরিজটির শুটিং শেষ করার পরই তিনি ‘লাভ গুরু’ সিনেমার কাজে যুক্ত হন। সাধারণত একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেন না বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
ফাওয়াদ খান ও মাহিরার জনপ্রিয় জুটি, ফারহাত ইশতিয়াকের পরিচিত গল্প এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্মাণের কারণে সিরিজটি মুক্তির আগেই আলোচনায় এসেছে। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন