দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ কার্যক্রম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি প্রয়োজন।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভায় এ দাবি জানানো হয়। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফিল্ড সুপারভাইজার (এফএস) মো. শামসুল আলম।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মুফতি মোহাম্মদ মমতাজ উদ্দিন, এমসি মো. শারাফাত হোসেন, জিসি ডা. হাফেজ মাওলানা মো. মশিউর ইসলাম (সুন্দরপীর), আমবাড়ী সাধারণ রিসোর্স সেন্টারের জিসি মো. তোফাজ্জল হোসেন এবং দক্ষিণ মরনাই সাধারণ রিসোর্স সেন্টারের জিসি মো. আনিসুর রহমান। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারাও সভায় অংশ নেন।

সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, পাঠদানের মান উন্নয়ন, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত মর্যাদা ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য কার্যক্রমটি দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও মানবিক শিক্ষায় শিক্ষিত করা জরুরি। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সভায় পাঠদানের গুণগত মান বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং শিক্ষকদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়।