নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১৬ বছর বয়সী কিশোরী সানজিদা সানুর। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়েছে। কিন্তু এত দিনেও তার কোনো খোঁজ মেলেনি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিকে, সানজিদার অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ সময় ধরে মেয়ের অপেক্ষায় থাকা পরিবারটি তার নিরাপদে ফিরে আসার আশায় দিন গুনছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।