নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার স্বরুপপুর মোড় এলাকার ওই চালকলে অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল একটি চালকলের গুদামে মজুদ রাখা হয়েছিল। এসব বস্তায় মোট ২২ হাজার ২০ কেজি চাল ছিল। মিলন নামের এক ব্যক্তি চালগুলো সেখানে মজুদ করে রেখেছেন বলে জানা যায়।
বিষয়টি ডিজিএফআইয়ের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে ওই তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন ইউএনও মানজুরা মুশাররফ। অভিযানে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় চালের মালিক হিসেবে উল্লেখ করা মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ইউএনও। তিনি নওগাঁর নওহাটা এলাকার চৌমাশিয়া মোড়ের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও মানজুরা মুশাররফ বলেন, গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য অফিসকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন