দেশের বাজারে সোনার দামে টানা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মাত্র চার দফায় প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনেও ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে কমানো হয়। এরপর বৃহস্পতিবার আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। সব মিলিয়ে চার দফার এই দরপতনে সোনার দাম প্রায় ১০ হাজার টাকা কমেছে।

নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এই মানের সোনায় ভরিতে কমেছে ২ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা, যা আগের তুলনায় ১ হাজার ৮০৮ টাকা কম। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।

দাম কমার ফলে ২২ ক্যারেট সোনা এখন গত ১ অক্টোবরের পর সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। গত ৫ নভেম্বর পর্যন্ত কয়েক দফা বৃদ্ধির পর এই মানের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার টাকার ওপরে উঠেছিল। বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন সিদ্ধান্তে তা আরও কমে এসেছে।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমার প্রভাব পড়েছে নতুন মূল্য নির্ধারণে। তবে আন্তর্জাতিক বাজারের দরপতনও এর অন্যতম কারণ। যদিও শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম কিছুটা বেড়েছে। দুপুর ১২টার দিকে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯০১ মার্কিন ডলার, যা আগের অবস্থানের তুলনায় প্রায় ২০ ডলার বেশি।

সোনার দাম কমলেও রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৪৯৯ টাকা। বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনা ও রুপার দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। তাই অলংকার বিক্রির সময় এর বাইরে আলাদা করে ভ্যাট আদায়ের সুযোগ নেই জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর।